প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০টি ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার ক্যাম্পাসে আটকে রাখা হয়। পরে প্রশাসনের দেয়া আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে যানবাহনগুলো ছেড়ে দেন।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বিএম কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি এবং এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকেরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করার পর অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ জানান, শতবর্ষ গেট ও মসজিদ গেটে চালকদের কাছে ভাড়ার পরিমাণ যাচাই করা হয়। যারা নির্ধারিত ভাড়া নিয়েছেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে ২০০টির বেশি থ্রি-হুইলার আটক করা হয়েছিল।
বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন