প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক নির্বাচনে বিপুল বিজয়ের পর মঙ্গলবার সার্বিয়ার শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট আন্দোলনের প্রতিনিধিরা পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
গত মাসের নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের মাধ্যমে আলেকসান্দার ভুচিচের ডানপন্থী দলের ১৪ বছরের শাসনের অবসান ঘটে। এই পরিস্থিতিতে এটি হবে পার্লামেন্টের প্রথম অধিবেশন।
২০২৪ সালে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনির অংশ ধসে ১৬ জনের প্রাণহানির পর প্রায় দুই বছর ধরে চলা বিক্ষোভের ফলস্বরূপ এ ঐতিহাসিক নির্বাচনের পথ তৈরি হয়।
বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দুর্ঘটনাটির জন্য ব্যাপকভাবে দুর্নীতিকে দায়ী করা হয়। এই ঘটনা ২০০০ সালে শাসক স্লোবোদান মিলোসেভিচের পতনের পর সার্বিয়ায় সবচেয়ে বড় বিক্ষোভের সূচনা করে। দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে নির্বাচনে জয়লাভ করে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থনপুষ্ট প্রার্থীরা।
পার্লামেন্টের প্রথম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে আন্দোলনটির সংখ্যাগরিষ্ঠতা স্বীকৃতি পাবে এবং নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করবেন। তাদের মধ্যে বেশিরভাগই রাজনীতিতে নতুন মুখ। তারা মূলত শিক্ষাজগতের বিভিন্ন পটভূমি থেকে এসেছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
২৫০ আসনের পার্লামেন্টে ‘স্টুডেন্টস লিস্ট’ ১৪০টি আসন লাভ করেছে। ফলে তারা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ভুচিচের জোট পেয়েছে ১০৩টি আসন। বাকি সাতটি আসন সংখ্যালঘু দলগুলো দখল করেছে।
‘স্টুডেন্টস লিস্ট’-এর প্রভাবশালী প্রার্থী মিরজানা নিকোলিচ চলতি মাসের শুরুতে এএফপিকে জানান, “সামনে যা কিছু আসছে, তার জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। আইন, পার্লামেন্টের কার্যপ্রণালি এবং সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে পড়াশোনা করছি।”
নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়ের পর দেশটির বিভিন্ন শহরে কয়েক দিন ধরে ব্যাপক উৎসব উদযাপিত হয়। বহুল প্রতীক্ষিত পার্লামেন্ট অধিবেশনের সরাসরি সম্প্রচার দেশজুড়ে বিপুলসংখ্যক দর্শক দেখবেন বলে ধারণা করা হচ্ছে।
সামনে নানা চ্যালেঞ্জ
পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার পর নতুন সংখ্যাগরিষ্ঠ দল প্রধানমন্ত্রী মনোনয়ন, সরকারের কর্মসূচি উপস্থাপন এবং মন্ত্রিসভা গঠনের জন্য ৯০ দিন সময় পাবে।
শিক্ষার্থীদের আন্দোলন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করাসহ ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।
এ ছাড়া রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করতে হবে নতুন নেতৃত্বকে।
একই সঙ্গে কসোভোর সঙ্গে সম্পর্কও সামাল দিতে হবে। কসোভো একসময় সার্বিয়ার প্রদেশ ছিল। ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড তা স্বীকার করে না।
পার্লামেন্টের স্পিকার নির্বাচনের মাধ্যমে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও দায়িত্ব গ্রহণ করবেন। গত সেপ্টেম্বরে ভুচিচ দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়েন। প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নেন। এরপর থেকে পার্লামেন্টের স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
আগামী ২৭ নভেম্বরের মধ্যে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিতে হবে। আর ২৭ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলন এবং ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি—উভয় পক্ষই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংবিধানে নির্ধারিত দুই মেয়াদের সীমার কারণে ভুচিচ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন