প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ২২ নভেম্বর, ২০২৬ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে।
আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান মন্তব্য করেন, বরিশাল বিভাগে সৃজনী বিদ্যানিকেতনের একটি পরিচিতি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি বিভাগের মধ্যে গ্রেড নম্বর-১ পর্যায়ে উন্নীত হবে। এ লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ম্যানেজিং কমিটিকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও নির্ভুল করতে অটোমেশন সফটওয়্যারের প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি আরও বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, পরীক্ষার ফল প্রকাশ, বেতন ও ফি আদায় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি অভিভাবকেরা ঘরে বসেই সন্তানদের পড়াশোনার অগ্রগতি ও উপস্থিতির তথ্য জানতে পারবেন।
সফটওয়্যারটি তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির সুফল পৌঁছে দিতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সহযোগিতা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন