প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের পদের প্রায় অর্ধেক শূন্য অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৭ সংসদ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ সংখ্যা ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদ পূরণ হয়েছে, কিন্তু ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী অনুপস্থিত থাকায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে ১১ হাজার ৩৩৬টি। এছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদ শূন্য রয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে বলা হয়, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকার শিশুকে টিকাদানের আওতায় আনা হচ্ছে। দেশে হামের টিকার লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে কাভারেজ বা টিকাপ্রাপ্তির সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে জানানো হয়, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকদের—বিশেষ করে পুরুষদের মধ্যে—বর্তমান সময়ে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বলা হয়, বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুনসহ মোট ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করেছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী দেওয়া হবে। প্রণীত নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সম্মানী পাবেন। তবে মসজিদের খতিবদের এই সম্মানির আওতাভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয় ব্যয় সৌদি আরব সরকার নির্ধারণ করে থাকে উল্লেখ করে তিনি জানান, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের সার্বিক খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন