প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল মন্তব্য করেছেন যে, "সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক।" তিনি উল্লেখ করেন, দেশের সকল নাগরিকের ধর্মীয় উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রে কাজ করছেন।
মন্ত্রী সোমবার রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি সকলকে শারদীয় উৎসব উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। আপনারা আপনাদের ধর্মীয় উৎসব নির্দ্বিধায় উদযাপন করবেন। আমরা যতদিন দায়িত্বে থাকব, আপনাদের সবদিক দিয়ে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করব।"
এ সময় তিনি উপজেলার সব পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজ-খবর নেন এবং নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
এর আগে ১৭ অক্টোবর বেলাবো উপজেলার ২৬টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন মন্ত্রী। পরিদর্শনের সময় তিনি বেলাবো মিস্ত্রিপাড়া পূজা মণ্ডপের রাস্তা পাকাকরণ, শ্মশানঘাট ও মণ্ডপ নির্মাণের জন্য ৫ লাখ টাকা অর্থসহায়তার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ এবং বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন