প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই দশক পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে। এই নতুন সুবিধার মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট ব্যবহারের সময়সীমা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা অভিভাবকদের হাতে থাকবে। তবে এই সুবিধা ব্যবহারের জন্য একটি শর্ত রয়েছে। অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ চালু করতে পারবেন, কিন্তু এর জন্য কিশোর-কিশোরীদের সম্মতি প্রয়োজন হবে।
এক্সের অফিশিয়াল সেফটি অ্যাকাউন্টে প্রকাশিত ঘোষণায় উল্লেখ করা হয়েছে, নতুন এই সুবিধার উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিভাবকদের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রদান করা।
অভিভাবকেরা যেসব নিয়ন্ত্রণ পাবেন
নতুন সুবিধার আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কিছু নিরাপত্তাব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকবে। এর মধ্যে প্রোফাইল ব্যক্তিগত রাখা, সংবেদনশীল কনটেন্ট সীমিত করা এবং টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ রাখা অন্তর্ভুক্ত রয়েছে।
অভিভাবকেরা সন্তানের এক্সে ব্যবহারের সময়সীমা গত সাত দিনে কতটুকু ছিল, তা দেখতে পারবেন। চাইলে তাঁরা দৈনিক ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন, যা ১৫ মিনিটের ধাপে করা যাবে। নির্ধারিত সময় শেষ হলে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাত পর্যন্ত অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
এছাড়া, অভিভাবকেরা সন্তানের নতুন ফলোয়ারদের অনুমোদন দিতে পারবেন, নির্দিষ্ট শব্দ মিউট করতে পারবেন এবং ‘ফর ইউ’ ফিডে কনটেন্ট দেখার পরিধি সীমিত করার সুযোগ পাবেন। চাইলে এই ফিডে শুধুমাত্র অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা করা যাবে।
ডাইরেক্ট মেসেজের ক্ষেত্রেও অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকবে। তাঁরা চাইলে শুধুমাত্র ভেরিফায়েড ব্যবহারকারী অথবা সন্তানের অনুসরণ করা ব্যক্তিদের কাছ থেকে বার্তা আসার অনুমতি দিতে পারবেন। পাশাপাশি, সন্তান যেসব অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে বার্তা আদান-প্রদান করে, সেগুলোর তালিকাও দেখতে পারবেন।
অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণের সুযোগ থাকলেও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেছে এক্স। অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না এবং সার্চ ও দেখার ইতিহাসও দেখতে পারবেন না। সন্তানের হয়ে পোস্ট করা কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগও থাকবে না।
অভিভাবকেরা যদি অ্যাকাউন্টে কোনো সেটিংস পরিবর্তন করেন, তবে তার রেকর্ড কিশোর-কিশোরীদের দেখানো হবে। এক্সের সেফটি বিভাগের প্রধান মাইকেল ও'হার্লিহি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অভিভাবকেরা সন্তানের অনলাইন ব্যবহারে বাস্তবসম্মত নিয়ন্ত্রণ চান। অন্যদিকে কিশোর-কিশোরীদের নিজেদের মতো বেড়ে ওঠার সুযোগ থাকা প্রয়োজন।
যেভাবে চালু করবেন অভিভাবকীয় নিয়ন্ত্রণ
এই সুবিধা চালু করতে অভিভাবককে প্রথমে এক্সের প্যারেন্টাল কন্ট্রোলস বিভাগে যেতে হবে। সেখান থেকে একটি কিউআর কোড অথবা আমন্ত্রণের লিংক তৈরি করতে পারবেন। লিংকটির মেয়াদ থাকবে ৭২ ঘণ্টা।
এরপর কিশোর-কিশোরীকে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে অথবা লিংকে প্রবেশ করতে হবে। সেখানে অভিভাবকেরা কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন বিষয়গুলো তাঁদের নাগালের বাইরে থাকবে, তার তালিকা দেখানো হবে। সবকিছু পর্যালোচনা করে সম্মতি দিলে তবেই সংযুক্ত হবে দুটি অ্যাকাউন্ট।
একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট তদারক করতে পারবেন। তবে একজন কিশোর-কিশোরী সর্বোচ্চ একজন অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারবে। অ্যাকাউন্টে দেওয়া জন্মতারিখের ভিত্তিতে এই সুবিধার যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রয়োজনে বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র বা সেলফিও চাইতে পারে এক্স। কিশোর-কিশোরীর বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে এই তদারকি বন্ধ হয়ে যাবে।
সম্মতিই সবচেয়ে বড় বাধা
নতুন এই সুবিধা চালুর পেছনে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগও ভূমিকা রেখেছে। ২০২৬ সালে এক্সের মালিক ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রককে ঘিরে শিশুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ওরেগন অঙ্গরাজ্য গ্রকের নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকার অভিযোগে মাস্কের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, চ্যাটবটটি ব্যবহার করে সম্মতিবিহীন যৌন আবেদনময় ডিপফেক ছবি এবং শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান তৈরি করা হয়েছে।
তবে নতুন অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এটি চালু করতে দুই পক্ষের সম্মতি বাধ্যতামূলক। অর্থাৎ, কিশোর-কিশোরীরা চাইলে অভিভাবকের পাঠানো আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারবে। ফলে অভিভাবকেরা চাইলেও সন্তানের অ্যাকাউন্টে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন না।
এ ছাড়া বয়স যাচাইয়ের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। এক্সে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের ওপর প্রাথমিকভাবে নির্ভর করা হয়। ফলে কেউ চাইলে প্রাপ্তবয়স্ক হিসেবে জন্মতারিখ দিয়ে কিশোর বয়সের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন