প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বামী রাসেল ব্র্যান্ডের কারাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হন স্ত্রী লরা ব্র্যান্ড। যুক্তরাজ্য সরকারের তদন্ত শুরু হওয়ার পর, তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং কারা কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) নিজেদের ইউটিউব চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘সানডে সার্ভিস’-এর নতুন পর্বে লরা এ বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, আগের পর্বটি প্রকাশের পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারাগারের নিয়ম সম্পর্কে অবগত হওয়ার পর, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলবেন।
গত সপ্তাহে অনুষ্ঠানের একটি পর্বে, লরা স্বামী রাসেল ব্র্যান্ডের পাঠানো একটি বার্তা পড়ে শোনান। ওই বার্তায় ব্রিটিশ কৌতুক অভিনেতা দাবি করেন যে, তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগে দোষী নন। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়।
বিষয়টি নজরে আসার পর, যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করে যে, রাসেল ব্র্যান্ড কারাগারের নিয়ম ভঙ্গ করেছেন কি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বন্দীদের এমন বক্তব্য দেওয়া নিষিদ্ধ, যা অপরাধের শিকার ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। অন্য কাউকে দিয়ে বক্তব্য প্রকাশ করেও এই বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তবে বিতর্ক সত্ত্বেও, লরা ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানটি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে উৎসাহিত করছে। স্ত্রী ও মা হিসেবে নিজের পরিচয় নিয়ে গর্বিত বলেও জানান তিনি। গণমাধ্যমে তাঁর উপস্থাপনার মধ্যেও পরিবারকে আগলে রাখতে চান লরা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড। এ ঘটনায় তাঁকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ক্যামব্রিজশায়ারের এইচএমপি লিটলহে কারাগারে সাজা ভোগ করছেন।
স্বামীর কারাবাসের পর থেকে ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি একাই পরিচালনা করছেন লরা। তবে কারাগার থেকে স্বামীর বার্তা প্রকাশের ঘটনাটি যুক্তরাজ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন