প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মাঠে গড়ানোর আগে মাঠের বাইরের তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে। বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আনা এই হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে বর্তমানে ফুটবল বিশ্বে অন্যরকম একটি বিতর্কের ঝড় বইছে। এই মেগা ম্যাচের দায়িত্বভার সম্পূর্ণ এক আর্জেন্টাইন রেফারি প্যানেলের হাতে তুলে দিয়েছে ফিফা, যা নিয়ে ফরাসি শিবিরে এক ধরনের অস্বস্তি এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফুটবল বিশ্লেষকেরা মনে করছেন, খোদ কিলিয়ান এমবাপ্পের জন্য এই সিদ্ধান্ত বিশাল মনস্তাত্ত্বিক পরীক্ষা হতে যাচ্ছে।
চলতি বিশ্বকাপের অন্যতম বড় বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াইকে কেন্দ্র করে। সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার পুরো ফরাসি রেফারিং দল। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে সেই ম্যাচটি জিতলেও মাঠের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয় এবং অভিযোগ ওঠে যে ফরাসি রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে গেছে। এর ঠিক কদিন পরই যেন নাটকের উল্টো পিঠ দেখা গেল ফুটবল বিশ্বে। এবার ফ্রান্সের বাঁচা-মরার লড়াই পরিচালনা করার দায়িত্ব পেলেন আর্জেন্টিনার রেফারিরা।
ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, আজকের এই হাইভোল্টেজ ম্যাচের মূল রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেল্লো। তাকে সহযোগিতা করবেন অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এ ছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে আছেন দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ান نাভারো। চলতি বিশ্বকাপে এবারই প্রথম মাঠের প্রধান পাঁচ জন অফিশিয়ালের সবাই একই দেশের নাগরিক। এর আগে ফাকুন্দো তেল্লো যে দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে চতুর্থ ও রিজার্ভ রেফারি ছিলেন যথাক্রমে সৌদি আরব ও কলম্বিয়া।
ফিফা সাধারণত অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং মাঠের পারফরম্যান্স বিবেচনা করেই রেফারি নিয়োগ দেয়। এই আর্জেন্টাইন রেফারিদের সততা বা নিরপেক্ষতা নিয়ে সরাসরি কোনো প্রমাণ না পাওয়া গেলেও ফুটবল অনুরাগী ও বোদ্ধাদের মধ্যে তীব্র সন্দেহ তৈরি হয়েছে। এর বড় কারণ হলো, টুর্নামেন্টের ব্র্যাকেট বা সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনা ও ফ্রান্স একই দিকেই অবস্থান করছে। আজকের ম্যাচে ফ্রান্স জিতলে এবং অন্য ম্যাচে আর্জেন্টিনা তাদের জয় ধরে রাখলে সেমিফাইনাল মাঠে গড়াবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। ফলে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের উপস্থিতি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন ফরাসি সমর্থকেরা।
দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা রেফারি ফাকুন্দো তেল্লোর ক্যারিয়ারে এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা।
সূত্র: মার্কা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন