প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে মেয়রের পদ থেকে সরে দাঁড়ালেও এখনো পর্যন্ত পুরবোর্ড ভেঙ্গে দেয়া হয়নি। এর ফলে পুরবোর্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরবোর্ড থাকবে, নাকি প্রশাসক বসবে, বা পুরবোর্ড টিকলে নতুন মেয়র কে হবেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার তিনটের সময় দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা পুরসভার কাউন্সিলর ও দলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক ডেকেছিলেন মমতা। মূলত দলের কলকাতা পৌরসভার ভবিষ্যৎ ও নতুন রণকৌশল নির্ধারণের জন্যই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে পুর প্রশাসনের ভবিষ্যৎ অবকাঠামো, নেতৃত্ব নির্বাচন এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করার পরিকল্পনাও ছিল।
কিন্তু বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে তা বাতিল করা হয়। দিল্লিতে বিজেপি বিরোধী দলের জোট ইন্ডিয়া মঞ্চের বৈঠকে যোগ দিতে রবিবার বিকালে দিল্লি যাওয়ার কারণে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সেই কারণেই বাতিল করা হয়েছে বৈঠকটি!
যদিও দলের ঘনিষ্ট মহল সূত্রে জানা গেছে, অশান্তির আশঙ্কা করে আপাতত বৈঠক বাতিল করা হয়েছে। রাজ্যজুড়ে তৃণমূলের নেতা-নেত্রীদের উপরে জনরোষ আছড়ে পড়েছে। বিভিন্ন সময়ে অভিযোগ ওঠা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য ডিম ছোঁড়ার ঘটনা ঘটেছে- এই জনরোষ তৃণমূল ভবনে আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই কারণে বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মমতা ব্যানার্জি বৈঠক বাতিল করেছেন। দলের প্রত্যেক কাউন্সিলরদের ফোন করে বৈঠক বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
রাজ্য পৌর মন্ত্রণালয়ের তরফে কলকাতা পৌরসভাকে ইতোমধ্যেই চিঠি দিয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করে জানাতে হবে। এই সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না মানলে আইন অনুযায়ী বর্তমান পুরবোর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে এদিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে সেই বৈঠক বাতিল হওয়ায়, পরবর্তী বৈঠক কখন হবে তা এখনো নিশ্চিত নয়। এও শোনা যাচ্ছে, কাউন্সিলরদের নিয়ে গোপনে এই বৈঠক হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন