প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধ দেখা দেওয়ার কারণে নামাজরত অবস্থায় মসজিদে প্রবেশ করে আপন ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২১ জুন) যোহর নামাজের সময় উপজেলার কাজিরহাট থানার ১নং আন্ধারমানিক ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
নিহত যুবকটির নাম নজরুল সরদার (৩৫)। ঘটনার পর থেকে বড় ভাই হারুন সরদার পলাতক অবস্থায় রয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রক্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
স্থানীয় বাসিন্দা সোলায়মান অভিযোগ করেছেন, 'পৈতৃক জমি বণ্টন হওয়ার পর কিছু খাস জমি ছিল, যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল। তবে একই জমি বাকী দুই ভাইও দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক বার ঝামেলা সৃষ্টি হয়েছে। রোববার সকালে ছোট ভাই ওই জমিতে বেড়া দিয়েছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই হারুন সরদার নামাজ পড়ার সময় মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছোট ভাই নজরুল সরদারকে গুরুতরভাবে জখম করে।'
মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, 'যোহরের নামাজের তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পিছনে চিৎকার শুনতে পাই। আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পেছনে ফিরলে দেখি, বড় ভাই হারুন সরদার পশু জবাই করার একটি লম্বা ছুরি দিয়ে ছোট ভাই নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করেছে। আমরা বাধা দিতে গেলে সে চারিদিকে ছুরি ঘুরাতে থাকে। এসময় মাওলানা কবির নামে একজনও আহত হন।'
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, 'ছুরিকাঘাতে নিহতের হাতে, পায়ে এবং পেটে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আরও অবনতি হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে তিনি মারা যান।'
ওসি আরও জানিয়েছেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন