প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক কিম্বারলি প্রস্ট যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার দায়িত্ব পালন করছেন। তবে, এই দায়িত্ব পালনের কারণে তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, যা তার পেশাগত জীবনকে প্রভাবিত করছে।
নিষেধাজ্ঞার প্রভাব এতটাই ব্যাপক যে, তিনি লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গুগল ম্যাপস ব্যবহার করতে পারছেন না। ব্যাংক লেনদেন এবং দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডেও তিনি নানা বাধার সম্মুখীন হচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডীয় বিচারক প্রস্ট বলেন, "নিষেধাজ্ঞার কারণে প্রতিদিনের জীবনেই তাকে নানা চাপ মোকাবিলা করতে হচ্ছে।" অর্থ স্থানান্তরের সময় লেনদেন সম্পন্ন হবে কি না, কিংবা ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে প্রয়োজনীয় কাজ করবেন—এসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে তাকে। এমনকি, নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে এক নবদম্পতিকে বিয়ের উপহার পাঠানোর অর্থও আটকে দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে একটি নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহযোগিতা প্রদানকারীদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয় প্রশাসনকে। পরবর্তীতে আদালতের বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রতিষ্ঠানটির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার আইসিসির আপিল চেম্বারের সিদ্ধান্তে অংশ নেওয়ার কারণে ২০২৫ সালের আগস্টে নিষেধাজ্ঞার শিকার হন প্রস্ট।
তবে তিনি নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে বলেন, "প্রমাণের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজও একই সিদ্ধান্ত নিতেন।" ২০০২ সালে আইসিসি প্রতিষ্ঠার জন্য রোম সংবিধি প্রণয়নের আলোচনায় তিনি অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে ১২৫টি দেশ এই চুক্তির সদস্য। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ইসরায়েল এর সদস্য নয়। তবে আইসিসির কাছে ফিলিস্তিন ও আফগানিস্তানে সংঘটিত কথিত অপরাধের তদন্তের এখতিয়ার রয়েছে।
গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, "প্রয়োজনে ইটের পর ইট খুলে আইসিসি ভেঙে ফেলা হবে।" প্রস্টের মতে, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত সতর্কতা দেখাচ্ছে। এর ফলে আদালতের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে মার্কিন ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে আইসিসি।
সম্প্রতি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির একটি বেঞ্চ। প্রসিকিউশনের সক্ষমতা নিয়ে আস্থার অভাবকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউটরের দপ্তর।
এত চাপের মধ্যেও আদালতের কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন প্রস্ট। তার ভাষায়, "ভীতি প্রদর্শনের মুখে আইসিসিকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।" কারণ, আদালতের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে আসা ভুক্তভোগীদের গুরুত্ব অনেক বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন