প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার আর কোনো প্রয়োজন নেই। তিনি দাবি করেছেন, ইরানের অর্থ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
ট্রাম্প বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এসব কথা বলেন।
শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে তিনি লিখেছেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। ইরানের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’
ট্রাম্পের ইরানের অর্থ বলতে দেশটির জব্দ করা আর্থিক সম্পদের কথা বোঝানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তার মন্তব্যগুলি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে করা একটি পোস্টের অংশ।
বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধে জয়ী হয়েছে। যুদ্ধের সমাপ্তি কবে হবে, সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেছিলেন, ‘আমরা যুদ্ধে জিতেছি। এখন শুধু প্রশ্ন, কখন আমরা এটি শেষ করতে চাই।’
এদিকে, পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিতর্কিত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে তাদের সাতটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করতে হবে। অন্যথায় কোনো আলোচনা হবে না। তবে ট্রাম্প প্রশাসন ইরানের এসব দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে।
গত গ্রীষ্মে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের অবসান ঘটলেও উত্তেজনা এখনো বিদ্যমান। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, যার ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে চাপ অব্যাহত রয়েছে।
অন্যদিকে, যুদ্ধের অচলাবস্থার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের উৎপাদনক্ষমতা পুনর্গঠন করেছে বলে দাবি করছে ইরান। ফলে দুই দেশের মধ্যে বড় ধরনের লড়াই বন্ধ থাকলেও বিরোধের সমাধান হয়নি।
সূত্র: সিবিসি নিউজ
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন