প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসবে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদ জানিয়েছেন, তিনি এখনো তার শরীরের ক্ষতগুলোতে ব্যথা অনুভব করেন।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার প্রায় এক বছর পর আহমেদ অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ফল বিক্রেতা আহমেদ আল আহমেদ সিরিয়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে তিনি অস্ট্রেলিয়ায় আসেন। গত বছরের ডিসেম্বরে এক রোববার বিকেলে তিনি সিডনির বিখ্যাত বন্ডাই সৈকতে চাচাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান।
তিনি দেখতে পান, বন্দুকধারীরা নারী, পুরুষ ও শিশুদের লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত্র করার চেষ্টা করেন।
এএফপির কাছে তিনি বলেন, ‘আমি তখন কিছুই ভাবিনি।’ তিনি আরও বলেন, ‘মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে ভাবার প্রয়োজন হয় না। যখন শিশু, নারী, বৃদ্ধ ও অন্য মানুষকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনবেন, তখন আর চিন্তা করার সময় থাকে না।’
আহমেদ বলেন, ‘প্রত্যেক মানুষের হৃদয়ে এক ধরনের সুপ্ত সাহস থাকে। প্রয়োজনের মুহূর্তে সেই সাহস জেগে ওঠে। আমি মানুষের সাহায্যের আকুতি শুনেছিলাম, তাই এগিয়ে গিয়েছিলাম।’
২০২৫ সালের ১৪ ডিসেম্বর ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা উদযাপনের সময় বিশ্ববিখ্যাত বন্ডাই সৈকতে মানুষের ভিড় ছিল। ওই দিন বন্দুক হামলায় ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। আহতদের মধ্যে একজন বৃদ্ধা চলতি মাসে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া আঘাতজনিত জটিলতায় মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির ধারণা করা ভিডিওতে আহমেদের সাহসিকতার দৃশ্য ছড়িয়ে পড়লে তাকে আরও অনেক মানুষের প্রাণ বাঁচানোর কৃতিত্ব দেওয়া হয়। দুই সন্তানের বাবা আহমেদকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘প্রকৃত অস্ট্রেলীয় বীর’ হিসেবে অভিহিত করেন। তার চিকিৎসা ও সহায়তার জন্য পরিচালিত তহবিল সংগ্রহ অভিযানে কয়েক মিলিয়ন ডলার জমা পড়ে।
তবে আহমেদ জানান, শুরুতে পাওয়া ব্যাপক পরিচিতি ও খ্যাতির বিষয়টি তিনি খুব একটা উপভোগ করতে পারেননি। কারণ, হামলায় গুরুতর আহত হওয়ার পর সুস্থ হয়ে ওঠাই ছিল তার প্রধান লক্ষ্য।
বন্দুকধারীর মুখোমুখি
আহমেদ জানান, হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার সময় তিনি সরাসরি ওই বন্দুকধারীর মুখোমুখি হন। সেই ভয়াবহ স্মৃতি এখনো তাকে প্রতিদিন, এমনকি রাতেও তাড়া করে বেড়ায়।
তিনি বলেন, ‘লোকটি ভাবছিল, সে যেন ঈশ্বর। কেউ তার কিছুই করতে পারবে না।’
ওই মুহূর্তে আহমেদের হাতে বন্দুকটি ছিল এবং তিনি সেটি হামলাকারীর দিকে তাক করে রেখেছিলেন। আহমেদ বলেন, ‘আমি তাকে বলেছিলাম, চলে যাও, চলে যাও। আমি গুলি করতে চাই না।’
এরপর বন্দুকধারী সরে গেলে আহমেদ একটি গাছের আড়ালে আশ্রয় নেন। কিন্তু সেখানেও গুলির শিকার হন তিনি।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি অনুভব করছিলাম, আমার পুরো পোশাক ভিজে যাচ্ছে। মনে হচ্ছিল, কেউ যেন এক বালতি রক্ত আমার ওপর ঢেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপর মনে হলো, আমি হয়তো মারা যাচ্ছি। হে ঈশ্বর! আমার সন্তানদের কী হবে, আমার পরিবার, আমার স্ত্রী—তাদের কী হবে?’
আহমেদের ওপর হামলা চালানো বন্দুকধারী সাজিদ আকরামকে ঘটনাস্থলেই পুলিশ গুলি করে হত্যা করে। তার ছেলে নাভিদ আকরাম এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। সন্ত্রাসবাদ ও হত্যাসহ মোট ৭৮টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে এখনো তিনি এসব অভিযোগের বিষয়ে আদালতে নিজের অবস্থান জানাননি।
হামলার দিন আহমেদের শরীরে পাঁচটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি এখনো তার শরীরের ভেতরে রয়েছে। স্নায়ুর ব্যথা কমানো ও ঘুমের জন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। এ ছাড়া বাঁ হাতের স্বাভাবিক নড়াচড়াও এখনো সীমিত।
আহমেদ বলেন, ‘আমি এখনো ভুগছি।’ এ সময় তিনি নিজের লেখা ‘লাইট উইল উইন’ বইটির কথা জানান। চলতি মাসে বইটি প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি একটি ফাউন্ডেশন গড়ে তোলার কাজ করছেন, যার মাধ্যমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সহায়তা করতে চান।
সিরিয়ায় একজন পুলিশ কর্মকর্তার সন্তান হিসেবে তার নিজের কঠিন শৈশবের অভিজ্ঞতা থেকেই এ উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি।
আহমেদ বলেন, এত গুরুতর আহত হওয়ার পরও সেই দিনের ঘটনা আবার ঘটলে তিনি ভিন্ন কিছু করতেন না। তিনি বলেন, ‘আমাকে বেছে নেওয়া হয়েছিল। ঈশ্বর আমাকে এ কাজের জন্য বেছে নিয়েছিলেন এবং আমাদের সমাজকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন।’
- আমরা সবাই মানুষ -
বন্ডাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।
হামলার পর ক্ষমতাসীন লেবার পার্টি আগ্নেয়াস্ত্রের মালিকানা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং উগ্রপন্থী রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয়।
তবে এর পর থেকে অস্ট্রেলিয়ায় পলিন হ্যানসনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টির প্রতি সমর্থনও বেড়েছে। দলটি অভিবাসন, বিশেষ করে ‘উগ্রপন্থী ইসলামি দেশগুলো’ থেকে আসা অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।
একজন মুসলিম ও অভিবাসী হিসেবে আহমেদ মনে করেন, তিনি যে দেশকে নিজের বাড়ি বলে মনে করেন, সেখানে এ ধরনের রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়।
তিনি বলেন, ‘আমি একজন গর্বিত অস্ট্রেলীয়।’ ওয়ান নেশন পার্টির অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘এটা ভুল, সম্পূর্ণ ভুল।’
আহমেদ বলেন, ‘আমাদের একে অপরকে সম্মান করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই মানুষ। আপনি যেখান থেকেই আসুন, আপনার গায়ের রং, পরিচয় কিংবা ধর্ম যা-ই হোক না কেন, আমাদের একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে। কাউকে বিচার করা বা অন্যের ওপর দোষ চাপানো উচিত নয়।’
‘অস্ট্রেলিয়া একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ’—বলেন তিনি।
বন্ডাই সৈকতের দুই হামলাকারীর কর্মকাণ্ডের সঙ্গে নিজের ধর্ম ইসলামকে এক করে দেখার বিষয়টিও মেনে নিতে পারেন না আহমেদ। হামলার পর অনেকেই এমন তুলনা করেছেন।
তিনি বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমিও একজন মুসলমান, অথচ আমি মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছি।’
তিনি আরও বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে—এমন কথা আমার ধর্মে কখনো শুনিনি। এটা ঠিক নয়।’
আহমেদ বলেন, ‘আমরা সবাই মানুষ। এটাই আমার পরিচয়—আমি আহমেদ আল আহমেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন