প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলায় যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো “একদিনের উপজাতি (সমতল) ফুটবল টুর্নামেন্ট–২৬”। সকাল থেকে ক্ষিরতলার ঐতিহ্যবাহী বুরুজ মাঠে ছিল উৎসবের আবহ। মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়। খেলাধুলার পাশাপাশি এই আয়োজনে উপজাতি (সমতল) সংস্কৃতির ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ ফুটে ওঠে।
প্রতি বছরের মতো এবারও শুধুমাত্র উপজাতি (সমতল) ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য কাজিমুদ্দিন কাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান এবং জেলা বিএনপির সদস্য রাহিল মান্নান লেলিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান তালুকদার পাপন, জেলা বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল কাইয়ুম ডাবলু, ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বাবলুসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি স্থানীয় উপজাতি (সমতল) দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচেই মাঠে দর্শকদের উচ্ছ্বাস, উৎসাহ ও করতালি ছিল। ফাইনাল ম্যাচে দিনাজপুর একাদশ ৩-০ গোলে বিজয়ী হয় এবং নাটোর একাদশ রানার্সআপ হিসেবে পরিচিতি পায়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয় এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চির রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
প্রধান অতিথি ভিপি আইনুল হক মন্তব্য করেন, “খেলাধুলা সমাজে শান্তি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন সৃষ্টি করে। রাজনীতি, ধর্ম বা জাতিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।” বিশেষ মেহমান আলহাজ্ব দুলাল হোসেন খান বলেন, "তরুণদের ইতিবাচক কাজে এগিয়ে যেতে হবে— খেলাধুলা তার অন্যতম মাধ্যম। এই আয়োজন শুধু খেলা নয়, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
আয়োজক কমিটির সভাপতি কাজী মুদ্দীন কাজী জানান, “আমাদের লক্ষ্য স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ রাখা, মাদক মুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
দিনব্যাপী এই টুর্নামেন্টে ক্ষিরতলার বুরুজ মাঠে ছিল আনন্দ, ঐক্য ও বন্ধুত্বের অনবদ্য প্রকাশ। খেলাধুলার মাধ্যমে উপজাতি (সমতল) সমাজে সম্প্রীতির যে বার্তা ছড়িয়ে পড়েছে, সেটিই এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন