প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সেনাবাহিনী বুধবার সকালে আইওয়া অঙ্গরাজ্যে মজুত থাকা দেশের সব লেড অ্যাজাইড বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেনাবাহিনী উদ্বিগ্ন যে, এসব রাসায়নিক অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।
আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে অবস্থিত ‘আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে’ মজুত প্রায় ৪ দশমিক ৪ টন (প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড) বিপজ্জনক রাসায়নিক লেড অ্যাজাইড নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।
৬৮টি ব্যারেলে সংরক্ষিত লেড অ্যাজাইড স্থিতিশীল রাখতে পানি ও ইথানলের মিশ্রণে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তরল বাষ্পীভূত হয়ে যাওয়ায় ব্যারেলগুলোর ভেতরে সূঁচের মতো স্ফটিক তৈরি হয়েছে। এর ফলে রাসায়নিকগুলো অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর মতে, তাপমাত্রার পরিবর্তন কিংবা সামান্য ঘর্ষণেও এসব স্ফটিক স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হতে পারে। ব্যারেলগুলো খুলে পরীক্ষা করা বা অন্য কোথাও সরিয়ে নেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে রাসায়নিকগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অভিযানের সেনাপ্রধান মেজর জেনারেল এরিক শার্লি বলেন, “এখন আর চুপ থাকার কোনো সুযোগ নেই।”
লেড অ্যাজাইড হলো সীসা ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত একটি অত্যন্ত সংবেদনশীল প্রাইমারি বিস্ফোরক যৌগ। এটি মূলত ‘ডিটোনেটর ও ব্লাস্টিং ক্যাপে’ (ছোট ও সংবেদনশীল বিস্ফোরক যন্ত্র) বড় বিস্ফোরক সক্রিয় করতে ব্যবহৃত হয়।
মঙ্গলবার কর্মকর্তারা আশপাশের বাসিন্দাদের বাতাসে ছড়িয়ে পড়তে পারে এমন বিষাক্ত ধূলিকণা থেকে বাঁচতে প্রয়োজনে এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন। তবে তারা আশ্বস্ত করে বলেছেন, বিস্ফোরণস্থলের চারপাশে তৈরি করা বিশেষ প্রতিবন্ধকতা ধূলিকণা ছড়িয়ে পড়া অনেকাংশে ঠেকাতে পারবে।
মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে বলেন, “জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমাদের লক্ষ্য হলো, যতটা সম্ভব এসব রাসায়নিক আইওয়ার আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টের মধ্যেই সীমাবদ্ধ রাখা, যাতে সেগুলো অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে।”
সরকারের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, অনুকূল বাতাসের গতিপ্রবাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য সময় দিতে সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আইওয়ায় বিস্ফোরণের সময় বুধবার নির্ধারণ করেছে। এর আগে গত শুক্রবার ৬৮টি ব্যারেল বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য আরও ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ ঠেকাতে এই রাসায়নিকের মজুত নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা জরুরি।
সম্ভাব্য বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়তে পারে এমন সীসাযুক্ত ধূলিকণা থেকে রক্ষা পেতে মিডলটাউনের আশপাশের কিছু বাসিন্দা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের বাড়ির জানালা ও দরজা বন্ধ করে রাখছেন। আরো দূরে বসবাসকারীরা বাতাসের গতিপথের ওপর নির্ভর করে বিষাক্ত ধূলিকণা কোথায় ছড়িয়ে পড়তে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
কর্মকর্তারা বাসিন্দাদের বিস্ফোরণের সময় ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। বিস্ফোরণের পর সীসার কণার সংস্পর্শ এড়াতে বাড়ির বাইরের বিভিন্ন পৃষ্ঠ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়েছে।
মিডলটাউনের মেয়র রডনি জনসন বলেছেন, এই বিস্ফোরণ ঘটানো জরুরি, “যাতে আমরা নিজেদের জীবন নিয়ে আবার সামনে এগিয়ে যেতে পারি।” সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরো বলেন, “অনুপযুক্তভাবে সংরক্ষণ ও নিষ্কাশনের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।”
মিসৌরির গভর্নর মাইক কিহো জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন সংস্থা বায়ু ও পানির গুণমান, জনস্বাস্থ্য এবং কৃষিসম্পদের ওপর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণে অতিরিক্ত ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।
অভিযানের তত্ত্বাবধানকারী কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বাতাস দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে নিকটবর্তী বার্লিংটন শহর থেকে দূরে সরে যাবে বলে আশা করা হচ্ছে। মিসিসিপি নদীর তীরে অবস্থিত শহরটির জনসংখ্যা ২৫ হাজারের কিছু কম। মঙ্গলবার সেনাবাহিনী নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বিস্ফোরণের পর ধোঁয়া মিসৌরি অঙ্গরাজ্যের দিকে ছড়িয়ে পড়তে পারে। এর আগে বিস্ফোরণের যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে ধোঁয়া উত্তর দিকে যাওয়ার কথা ছিল।
মঙ্গলবার সকালে মোবাইল ফোনে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। এ সময় প্ল্যান্টের পাঁচ মাইল (প্রায় আট কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বসবাসকারী কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে।
জরুরি সতর্কবার্তায় আরও বলা হয়েছে, প্ল্যান্ট থেকে ২০ মাইল (প্রায় ৩২ কিলোমিটার) দূরে বসবাসকারী লোকজনকে বাতাসে ছড়িয়ে পড়তে পারে এমন সীসাযুক্ত ধূলিকণা, বিস্ফোরণের শব্দ ও কম্পন থেকে সুরক্ষিত থাকতে জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করতে হবে।
লেড অ্যাজাইড ধ্বংসের জন্য ব্যবহৃত বাঙ্কারগুলোর চারপাশে সেনাবাহিনী অতিরিক্ত বিস্ফোরণ প্রতিরোধক স্থাপন করেছে। পাশাপাশি সীসাযুক্ত ধূলিকণা আটকে রাখতে ব্যালিস্টিক জেল ও বিশেষ ফোম ব্যবহার করা হবে।
এ ছাড়া রাসায়নিক পদার্থগুলোর ওপর কয়েক হাজার গ্যালন পানি ঢালার পরিকল্পনাও রয়েছে। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে বলেন, “আমরা সম্ভাব্য সব ধরনের সমাধান বিবেচনা করেছি। সবকিছু বিবেচনায় নিয়েই দেখা গেছে, নিয়ন্ত্রিত বিস্ফোরণই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।”
দীর্ঘ আইনি জটিলতা ও নানা বিভ্রান্তির পর ফেডারেল আপিল আদালতের অনুমোদন পেয়েছে মার্কিন সেনাবাহিনীর লেড অ্যাজাইড ধ্বংসের পরিকল্পনা। এ ঘটনাপ্রবাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অপ্রত্যাশিত পদক্ষেপও যুক্ত হয়েছে।
সোমবার আদালত জানিয়েছে, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) ধূলিকণার বিস্তার কমাতে জরুরি অনুমতিপত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে। এসব ব্যবস্থা বিস্ফোরণ বন্ধের দাবিতে মামলা করা পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্বেগও অনেকাংশে দূর করেছে।
আদালত ব্যারেলগুলো যেখানে রাখা হয়েছে, সেই এলাকার চারপাশে স্থাপিত বিশেষ প্রতিবন্ধকতা এবং আবহাওয়াসংক্রান্ত বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করেছে।
বিচারকরা আরও জানিয়েছেন, আদালতে জমা দেওয়া নথিতে দেখা গেছে, লেড অ্যাজাইড নিষ্ক্রিয় করতে অন্যান্য রাসায়নিক ব্যবহার ও তাপীয় প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিকল্প পদ্ধতি বিবেচনা করেছিল সেনাবাহিনী। তবে সবকিছু পর্যালোচনার পর তারা নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বেছে নেয়।
অপ্রত্যাশিত এক ঘটনায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আদালতের অনুমোদনের পাশাপাশি তিনি নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডের কাছ থেকেও বিস্ফোরণের অনুমোদন চান। তবে ডেমোক্র্যাট দলের নেতা স্যান্ড জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন