প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি ও পল্লিঋণ বিতরণে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেলেও, অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ বিতরণের অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৮টি ব্যাংকের মাধ্যমে কৃষি ও পল্লিঋণ বিতরণ হয়েছে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিতরণ করা ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা যোগ করলে মোট বিতরণের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ১৩১ কোটি ৫৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে মোট বিতরণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ।
তবে, অর্থবছরের প্রথম তিন মাসে ৬০ হাজার কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ মাত্র ১৮ দশমিক ০৬ শতাংশ। কৃষিঋণের একটি বড় অংশ প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে যাচ্ছে। নীতিমালায় এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ থাকলেও, সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের ৩০ দশমিক ০২ শতাংশই এ খাতে গেছে। বিপরীতে, শস্য খাতে ঋণ বিতরণের হার লক্ষ্যমাত্রার চেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের জন্য ৫৮টি অংশগ্রহণকারী ব্যাংকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক বিতরণে সবচেয়ে বেশি অর্থ এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে। এ শ্রেণির ব্যাংকগুলো তিন মাসে ৪ হাজার ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করেছে, যা মোট বিতরণের ৩৮ দশমিক ২৪ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলো দিয়েছে ৩ হাজার ২১৫ কোটি ৭৪ লাখ টাকা বা ২৯ দশমিক ৬৭ শতাংশ। ইসলামী ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৯১৪ কোটি ৭৩ লাখ টাকা বা ১৭ দশমিক ৬৭ শতাংশ।
সেপ্টেম্বর শেষে বিশেষায়িত ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৩ শতাংশ বিতরণ করেছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্জন ১৫ দশমিক ১৯ শতাংশ, বিদেশি ব্যাংকের ১৯ দশমিক ৭৪ শতাংশ, বেসরকারি ব্যাংকের ১৫ দশমিক ৩৪ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর ১৯ দশমিক ৩০ শতাংশ।
প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে বিতরণ হয়েছে ৩ হাজার ২৫৩ কোটি ১ লাখ টাকা, যা মোট বিতরণের ৩০ দশমিক ০২ শতাংশ। শস্য খাতে বিতরণ হয়েছে ৫ হাজার ৬৯ কোটি ৯৮ লাখ টাকা বা ৪৬ দশমিক ৭৮ শতাংশ। মৎস্য খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি ৩৪ লাখ টাকা বা ১২ দশমিক ৮১ শতাংশ।
সেপ্টেম্বর ২০২৬-এ কৃষিঋণ আদায় হয়েছে ১২ হাজার ১৭৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১০ হাজার ৫৪৪ কোটি ৩৯ লাখ টাকা। এক বছরে আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।
তবে, আদায়যোগ্য ঋণের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ আদায়যোগ্য ঋণের পরিমাণ ছিল ৩৪ হাজার ২৫৭ কোটি ৯২ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৮ কোটি ৭৬ লাখ টাকা।
কৃষিঋণের বকেয়া বা ওভারডিউ কমেছে ৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে বকেয়া ছিল ২২ হাজার ১২০ কোটি ৬ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা।
খেলাপি বা শ্রেণিকৃত কৃষিঋণের পরিমাণও কমেছে। গত বছরের সেপ্টেম্বরে শ্রেণিকৃত ঋণ ছিল ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকা। এক বছরে কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
তবে ব্যাংকভিত্তিক চিত্রে ভিন্নতা রয়েছে। ইসলামী ব্যাংকগুলোর শ্রেণিকৃত কৃষিঋণ এক বছরে ৮০ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৮৫৬ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে এসব ব্যাংকের বকেয়া ঋণ বেড়েছে ৯৭ দশমিক ১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে গত এক দশকের কৃষিঋণের চিত্রেও ঋণ আদায় ও খেলাপি পরিস্থিতির চাপ স্পষ্ট হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল ২০ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা।
একই সময়ে শ্রেণিকৃত ঋণ ৫ হাজার ২৪০ কোটি ৭৮ লাখ টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি ৪৭ লাখ টাকা হয়েছে। বকেয়া ঋণ ৬ হাজার ৭০৮ কোটি ১১ লাখ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ৮০৭ কোটি ৩৩ লাখ টাকা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কৃষিঋণ বিতরণও কমেছে। চলতি অর্থবছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০৬ কোটি ৬৫ লাখ টাকা। সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা। গত বছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৩০১ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বিতরণ কমেছে ২ দশমিক ১৭ শতাংশ।
তবে ঋণ আদায় বেড়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ বিআরডিবির ঋণ আদায় ছিল ৩১২ কোটি ৪৩ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩২১ কোটি ৫২ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বলা হয়েছে, চলতি অর্থবছরের শুরুতে কৃষিঋণ বিতরণের পরিস্থিতি আগের বছরের একই সময়ের তুলনায় ভালো। তবে বিপুল পরিমাণ বকেয়া ও শ্রেণিকৃত ঋণ আদায়ের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দক্ষ কৃষি অর্থায়ন নিশ্চিত করতে ঋণ আদায় প্রক্রিয়া এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন