প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘ধূমপান নিষেধ’ সাইনেজ স্থাপন করা হবে। পাশাপাশি, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধ করা হবে এবং এই উদ্যোগের বাস্তবায়নে মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে।
সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উল্লেখ করেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। এতে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন। একই সঙ্গে ধূমপায়ীদের তামাক ছাড়ার প্রবণতা বাড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ তামাক ব্যবহার। ধূমপান ত্যাগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই ধূমপায়ীদের তামাক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। ধূমপায়ীর ত্যাগ করা বিষাক্ত ধোঁয়া আশপাশের অধূমপায়ীদেরও গ্রহণ করতে হয়। এতে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকেন।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, বিভিন্ন জনসমাগমস্থল ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২ দশমিক ৭ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হন, যা প্রায় ৮১ লাখ মানুষের সমান।
সভায় বলা হয়, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ জনসমাগমস্থল ও সরকারি কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে আইনের কার্যকর বাস্তবায়নে দ্রুত বিধিমালা প্রণয়ন প্রয়োজন। বিধিমালা হলে সরকারি প্রতিষ্ঠানসহ সব জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব, প্রক্রিয়া ও করণীয় আরও স্পষ্ট হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করা, কোনো নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধ এবং উদ্যোগ বাস্তবায়নে মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়। এ ছাড়া তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (এফসিটিসি) অনুচ্ছেদ ৫.৩ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন