প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিযুক্ত তরুণ ও সন্তান প্রসবকারী কিশোরীকে নেওয়া হচ্ছে আদালতে
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি গণশৌচাগারের কমোড থেকে সদ্যোজাত নবজাতক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতককে কমোডের ভেতরে ফেলে রাখার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ আবুল কালাম ও সন্তান প্রসবকারী কিশোরীকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ঈদগাঁওয়ের বটতলী স্টেশনের একটি গণশৌচাগারের কমোড থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নবজাতকটি ঈদগাঁও মডেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে এক কিশোরী বটতলী স্টেশনের একটি ফার্মেসিতে ওষুধ কিংবা চিকিৎসা পরামর্শ নিতে আসেন। একপর্যায়ে অসুস্থতা অনুভব করলে পাশের ট্রাক পার্কিং এলাকার গণশৌচাগারে যান। কিছুক্ষণ পর এক ব্যক্তি শৌচাগারে প্রবেশ করে কমোডের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে সন্তান প্রসবকারী কিশোরীর পরিবারের দাবি, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গর্জনতলী নোয়া মসজিদ এলাকার জালাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে ওই কিশোরীর গোপনে বিয়ে হয়েছিল। তাদের সম্পর্কের সূত্র ধরেই কিশোরী অন্তঃসত্ত্বা হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কথিত বিয়ের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা নথি নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সন্তান প্রসবকারী কিশোরীকে ঈদগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ঈদগাঁও থানা পুলিশ কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। একপর্যায়ে কিশোরী ও তার পরিবারের সদস্যরা আবুল কালামের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুলিশের কাছে তুলে ধরেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকেই প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিশোরী ও তার কথিত প্রেমিকের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে এবং কিশোরী মাকেও পৃথক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের আদালতে পাঠানো হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীও নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নবজাতককে কমোডে ফেলে রাখার পেছনের প্রকৃত ঘটনা, কারও সংশ্লিষ্টতা এবং দায়দায়িত্ব নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন