প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এরই ধারাবাহিকতায় নগরীর বেলস পার্ক এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। অভিযানে কোতোয়ালি মডেল থানার একাধিক পুলিশ সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার অংশ হিসেবে বেলস পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যার পর জনসমাগমপূর্ণ এ এলাকায় পুলিশের উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ দায়িত্ব গ্রহণের পর নগরীতে মাদকবিরোধী অভিযান জোরদারের ঘোষণা দেন। এরপর থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক সংশ্লিষ্টদের শনাক্ত করা এবং নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম *তালাশ বিডিকে* বলেন, “পুলিশ কমিশনার স্যারের কঠোর নির্দেশনার পর বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অনেকে আটক হয়েছেন। মাদক সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নগরীর কোথাও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বেলস পার্কসহ নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে মাদকের উৎস, সরবরাহ ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ। পুলিশের চলমান তৎপরতা অব্যাহত থাকলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নে কোতোয়ালি মডেল থানার এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন