প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেউ হাতে তৈরি গয়নার পসরা সাজিয়েছেন, আবার কারো স্টলে বাহারি খাবারের সমাহার দেখা যাচ্ছে। কোথাও হস্তশিল্পের প্রদর্শনী রয়েছে, আবার কোথাও জুতা, মানিব্যাগ কিংবা পোশাকের সংগ্রহ। প্রতিটি স্টলের পেছনে রয়েছে একজন শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং নিজের কিছু একটা করার প্রত্যয়। পরিচিত ক্যাম্পাসের চেনা পরিবেশে এটি কেবল কেনাবেচার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলায়’ এমনই এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে শিক্ষার্থীরা শুধু পণ্য নিয়ে বসেননি, বরং নিজেদের উদ্যোগকে অন্যদের সামনে তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে সরাসরি সাড়া পাচ্ছেন। সহপাঠী, সিনিয়র কিংবা জুনিয়রদের আগ্রহ তাদের উদ্যোগকে নতুন করে সাহস জোগাচ্ছে সামনে এগিয়ে নেওয়ার জন্য।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা নেটওয়ার্কের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এই দুই দিনব্যাপী আয়োজন চলবে সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা হয়।
মেলার প্রতিটি স্টল যেন একেকটি স্বতন্ত্র উদ্যোগের গল্প বলে। কেউ নিজের তৈরি পণ্য নিয়ে এসেছেন, আবার কেউ ব্যবসায়িক উদ্যোগকে পরিচিত করার চেষ্টা করছেন। খাবার, জুয়েলারি, হস্তশিল্প থেকে শুরু করে নিত্যব্যবহার্য নানা পণ্যের সমাহার বসেছে এই মেলায়। তবে পণ্যের প্রদর্শনী ও বিক্রির বাইরেও উদ্যোক্তাদের কাছে এ আয়োজনের গুরুত্ব ভিন্ন। ক্রেতাদের সরাসরি প্রতিক্রিয়া থেকে তারা জানতে পারছেন নিজেদের পণ্যের কোন দিকটি বেশি আকর্ষণ করছে এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে।
এমন একজন উদ্যোক্তা সানজানা তালুকদার বুশরা। মেলায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সাড়া তাকে আনন্দিত করেছে, তেমনি নিজের পণ্য সম্পর্কে নতুন করে ভাবার সুযোগও তৈরি করেছে। তিনি বলেন, ‘আজকের এই উৎসবমুখর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের থেকে এত সাড়া পেয়ে সত্যি অবাক লাগা কাজ করছে। পাশাপাশি নিজের প্রোডাক্টগুলোর স্ট্রং ও উইক পয়েন্টগুলো ধরতে পারছি। আমি আশা করি এগুলো আমার প্রোডাক্ট ও আমাকে আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
শুধু পণ্য বিক্রি নয়, নিজেদের উদ্যোগকে আরো বেশি মানুষের কাছে পরিচিত করাও উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য। শোভা ইসলামের কাছে এ মেলা সেই সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে নিজের পণ্য নিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। শোভা ইসলাম বলেন, ‘এই আয়োজনটির মাধ্যমে আমার পরিচিতি বাড়াতে পারছি। যেহেতু আগামীতে আমি আমার প্রোডাক্ট নিয়েই এগোতে চাই, সেহেতু আজকের আয়োজনটি আমার জন্য একটি সুযোগ হিসেবে আমি মনে করছি।’
অন্যদিকে ছেলেদের জুতা, লোফার, স্টেপ, মানিব্যাগ ও বেল্ট নিয়ে মেলায় অংশ নিয়েছেন পারভেজ সরকার। তার মতে, আগে বিভিন্ন বিভাগ নিজেদের উদ্যোগে এ ধরনের আয়োজন করলেও এবার কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের জন্য নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
পারভেজ সরকার বলেন, ‘আগে বিভিন্ন বিভাগ কর্তৃক এসব আয়োজন করা হইত কিন্তু এবারে প্রথম কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে একটা আয়োজন করা হয়েছে। আমার কাছে মূলত ছেলেদের জুতা, লোফার, স্টেপ, মানিব্যাগ, বেল্ট ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং ক্রেতাদেরও বেশ সাড়া পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত করা হলে আমাদের মতো তরুণ উদ্যোক্তারা আরো অনুপ্রাণিত হবে।’
উদ্যোক্তাদের এই স্বপ্নের পসরা দেখতে মেলায় ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও। কেউ পছন্দের পণ্য কিনছেন, কেউ ঘুরে দেখছেন স্টল, আবার কেউ সহপাঠীদের উদ্যোগকে উৎসাহ দিতে হাজির হয়েছেন। কেনাকাটার পাশাপাশি বাহারি খাবারের স্বাদ নেওয়ার সুযোগও মেলার আকর্ষণ বাড়িয়েছে।
মেলায় ঘুরতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লুনার কাছে পুরো আয়োজনটিই ছিল উপভোগ্য। তিনি বলেন, ‘এখানে বিভিন্ন স্টল উঠেছে। কেউ জুয়েলারি বা কেউ খাবারের স্টল। আমি বিভিন্ন জিনিস কিনলাম, সাথে নানা ধরনের খাবার খেয়েছি। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে।’
একইভাবে মেলায় পণ্যের বৈচিত্র্য ও মানের বিষয়টি তুলে ধরেন অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়ন্ত কর্মকার। তার মতে, বাইরের বাজারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনে।
জয়ন্ত কর্মকার বলেন, ‘এখানে মেয়েদের অর্নামেন্টসের পাশাপাশি ছেলেদেরও বেশ কালেকশন রয়েছে। আর প্রত্যেকটি প্রোডাক্ট এবং স্টলের কোয়ালিটি খুবই ভালো। একই সঙ্গে সহপাঠীদের উদ্যোগকে উৎসাহিত করতে পারছি। বাইরের বাজারের তুলনায় এখানে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ পাচ্ছি। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরি করার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। কারো আগ্রহ সৃজনশীল কাজে, কেউ চান ব্যবসার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রয়োজন হয় পরিচিতি, ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ এবং নিজের উদ্যোগের গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোক্তা মেলা শিক্ষার্থীদের জন্য তেমন একটি পরিসর তৈরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন