প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া আবারও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের অঙ্গীকার স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে এবং যত বেশি সম্ভব সময় মাঠে থাকতে চান। শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, যা ছিল জাতীয় দলের হয়ে খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা। খবর গ্লোবো এস্পোর্তের।
রাফিনিয়া মন্তব্য করেন, ‘আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই এবং যত বেশি সম্ভব মিনিট মাঠে থাকতে চাই। আমার শরীর যদি সায় দেয়, তাহলে নিজের সেরাটা দেব।’
তিনি দাবি করেন, তার আগের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে পায়ের প্রায় একই জায়গায় তিনবার চোটে পড়েছিলেন এই ফরোয়ার্ড। তার মূল উদ্বেগ ছিল নতুন করে চোট এড়ানো এবং জাতীয় দল ও বার্সেলোনা দুই দলের জন্য ফিট থাকা।
রাফিনিয়ার ভাষায়, প্রথমবার ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই জাতীয় দলের হয়ে খেলার প্রতি তার আগ্রহ ও প্রতিশ্রুতি জানিয়ে আসছেন। ব্রাজিলের হয়ে খেলা সব সময়ই তার কাছে সম্মানের বিষয় এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি জানান, কোন ম্যাচ খেলবেন আর কোন ম্যাচ খেলবেন না, এমন কোনো পছন্দের কথাও বলেননি। বরং জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দিতে হলে শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি—সেটিই বোঝাতে চেয়েছিলেন তিনি।
আগের মন্তব্যের পর সমালোচনার মুখে পড়া নিয়েও কথা বলেছেন এই ফরোয়ার্ড। তার মতে, ব্রাজিলের জার্সি পরার সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতাও খেলোয়াড়দের থাকতে হবে।
রাফিনিয়া বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। পুরো দেশের মানুষ এই দলকে জিততে এবং ভালো খেলতে দেখতে চায়। সেই প্রত্যাশার ভার আমাদের বহন করতে হয়। ফল ভালো না হলে আমাদের জবাবদিহি করতে হবে।’
তবে তিনি স্বীকার করেছেন যে, সমালোচনা খেলোয়াড়দের মানসিক অবস্থায় প্রভাব ফেলে। নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও আক্রমণের শিকার হলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলে মন্তব্য করেন এই তারকা।
বিশ্বকাপে চোটের কারণে নিজের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার হতাশাও প্রকাশ করেছেন রাফিনিয়া। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অবদান রাখতে চাইলেও শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর বার্সেলোনার হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পরে হাইতির বিপক্ষে ম্যাচের সময় আগের চোটের জায়গার ক্ষত আবার খুলে যায়।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনার বিষয়টিও পরিষ্কার করেছেন রাফিনিয়া। তার দাবি, সেটি ছিল স্বাভাবিক ও অনানুষ্ঠানিক কথোপকথন। সেখানে মাঠে খেলার মিনিট নির্ধারণ বা কোনো বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়নি। বরং শতভাগ ফিট থাকা এবং নিজের শরীরের যত্ন নেওয়ার বিষয়টিই গুরুত্ব পেয়েছিল।
এদিকে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটির আগে রাফিনিয়ার এই বক্তব্যে জাতীয় দলের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়টি আবারও স্পষ্ট হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন