প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এই সাক্ষাৎটি সোমবার (২৩ নভেম্বর) মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য সংস্থাটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন বাংলাদেশের হাইকমিশনার।
সাক্ষাতে ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার। তিনি মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন