প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বরাবরের মতো নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। শতভাগ পাসের সাফল্য ধরে রাখার পাশাপাশি, প্রতিষ্ঠানটির বেশিরভাগ শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।
এ বছর প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। আজ সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগে ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬১২ জন, যা শতকরা ৮৯ দশমিক ২১ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন। এখানে জিপিএ-৫ প্রাপ্তির হার ২৮ দশমিক ৫ শতাংশ। দুই বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসমূহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা দেশজুড়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। সার্বিক ফলাফলে সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।
এ বছর যেখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, সেখানে রাজউকের গড় পাশের হার বেশ কিছু বছর ধরেই শতভাগ। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির এমন অসামান্য অর্জনে আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এই গৌরবময় সাফল্য নিয়ে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ বাসসকে জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিয়মনিষ্ঠ অধ্যবসায়, শিক্ষকদের আধুনিক ও আন্তরিক পাঠদান পদ্ধতি এবং অভিভাবকদের ধারাবাহিক সচেতনতা ও সহযোগিতার বলেই প্রতি বছর এমন উজ্জ্বল ফল লাভ করা সম্ভব হচ্ছে।
মানসম্মত শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এই সাফল্য ধরে রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন