প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার, যদি সবকিছু ঠিক থাকে, কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হবে কেন্দ্রটি। এই সময়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বাস্তব ধাপে প্রবেশ করবে।
প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি পরিবর্তন হতে পারে।
সূত্র জানায়, গত রোববার প্রথম ইউনিটকে গ্রিডে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে না থাকায় তা পিছিয়ে যায়। পরে কম্পন সহনীয় পর্যায়ে নেমে আসায় নতুন করে সংযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, "গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।"
পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম রোববার বলেন, "বিদ্যুতের জাতীয় গ্রিড প্রস্তুত। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেই প্রস্তুতি নিয়ে রেখেছি।"
বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মোনায়েম চৌধুরী বলেন, "রোববার রাত ১১টার দিকে আমাকে জানানো হয়, রাত ১২টার পর যেকোনো সময় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্র চালু করতে অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে যখনই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হোক, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা চাই দ্রুত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হোক।"
ধাপে ধাপে বাড়বে উৎপাদন
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে ঘুরবে টারবাইন, উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে প্রথম ইউনিটটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এরপর কয়েক দিন ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহ সফলভাবে শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
দুই ইউনিটে মিলবে ২ হাজার ৬০ মেগাওয়াট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার কথা। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদনে বড় একটি নতুন উৎস যুক্ত হবে। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল গত সেপ্টেম্বরে। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় কার্যক্রম পিছিয়ে যায়। পরে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে বায়রার অনুমোদন নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও ডলার বা ইউরোতে ঠিকাদারি ব্যয় বাড়েনি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হবে। ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। এবার বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ খাতে যুক্ত হবে নতুন প্রযুক্তি ও উৎপাদনের একটি বড় উৎস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন