প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। তিনি উল্লেখ করেন যে, যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। জামায়াতের নেতাকর্মীরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না; এর জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়া এবং তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যরা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন