প্রিন্ট এর তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:২৬ পি.এম
পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা
পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে।
আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়ে আশ্রম কর্তৃপক্ষ বলেন, শ্রীগুরু সঙ্ঘ একটি ঐতিহ্যবাহী, অরাজনৈতিক ও দেশব্যাপী বিস্তৃত ধর্মীয় প্রতিষ্ঠান। তাই আশ্রমের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সব পক্ষের বক্তব্য শুনে প্রকৃত অবস্থা বিবেচনার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"