প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকশী রেলওয়ে জেলা পুলিশের গত এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকট সম্পর্কে আলোচনা করেছেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান।
শনিবার সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান জানান, গত এক বছরে রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযানে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এসব ঘটনায় মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে ১২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৪১ কেজি গাঁজা, ৪ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ১২৬টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পল) এবং ৪০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৬৪০ বোতল কোডিনযুক্ত এসকফ সিরাপ, ১৫০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশীয় মদ, ৩০ বোতল কোডিন ফসফেট চোকো এবং ৩০ বোতল কোডিনযুক্ত এমকে ড্রাইল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, রেলওয়ে পুলিশের জনবল অত্যন্ত কম। সীমিত জনবল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে এবং রেলওয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে পুলিশ সদস্য বৃদ্ধি ও থানার সংখ্যা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, রেলওয়ে এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এটির ফলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সিনিয়র সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক মাহবুবুল হক, অহিদুল ইসলাম, শিশির, মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন