প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি ক্রয় আইন সংশোধন করে অতীতে সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করার জন্য অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা এই আইন সংশোধনীর ফলে স্বজনপ্রীতি ও দলীয় ব্যক্তিদের সুবিধা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ কণ্ঠভোটে পাস হয়েছে। বিলটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনায় বিরোধী দলের সদস্যরা ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা না থাকলে আইনের অপব্যবহার ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণ একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয়। তিনি উল্লেখ করেন, সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে। জামায়াতের আরেক সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, আলাদাভাবে সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টি যুক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। তিনি উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলটির বাইরে অন্যরা অনেক ক্ষেত্রে সরকারি কাজ পাওয়ার সুযোগ পাননি। তবে এখন সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের জন্য এ ধরনের বিধান থাকলে ভবিষ্যতে অন্যরাও একই সুযোগ নেওয়ার উদ্যোগ নিতে পারেন।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যারা কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। নতুন একটি শ্রেণি যুক্ত হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, হলফ করে বলা যায়, আইনটি বাস্তবায়নের পর্যায়ে গেলে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ আর থাকবে না; এটি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হবে।
বিলে যা আছে
বিলে উল্লেখ করা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না।
এছাড়া, দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে সরকারি ক্রয়ে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা সরকারকে থাকবে। পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতাও সরকারের থাকবে।
দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা এবং সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।
এদিকে, সোমবার সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলও পাস হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। পরে বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে এটি পাস হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন