প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমতলীতে চাওড়া নদী বন্ধ হয়ে যাওয়ার কারণে কচুরীপানা পরিষ্কার করার কাজ নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার বশির উদ্দিন নদী থেকে কচুরীপানা পরিষ্কার করার যে পদ্ধতি গ্রহণ করেছেন, তা কার্যকর নয়। তারা মনে করেন, এভাবে কাজ করলে নতুন করে কচুরীপানা বংশ বিস্তারের সুযোগ তৈরি হবে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, আমতলী উপজেলার ৩০ কিলোমিটার দীর্ঘ চাওড়া নদী ও তার শাখা নদীতে গত ২৫ বছর ধরে কচুরীপানা জমে রয়েছে। কচুরীপানার কারণে খালের পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরের পর বছর ধরে এই দূষণের কারণে আমতলী উপজেলার হলদিয়া, চাওড়া, কুকুয়া, আমতলী সদর ইউনিয়ন ও আমতলী পৌরসভার লক্ষাধিক মানুষ কষ্টে জীবনযাপন করছে। নদীর কচুরীপানা পরিষ্কার করার জন্য গত এক দশক ধরে সচেতন নাগরিক ও পরিবেশ কর্মীরা আন্দোলন করে আসছেন। ২০২৩ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড সুবন্দী প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নদীর কচুরীপানা পরিষ্কারের কাজ পায় পটুয়াখালী বশির নামের একজন ঠিকাদার। ঠিকাদার গত বুধবার কচুরীপানা উত্তোলনের কাজ শুরু করেন। তবে শুরুতেই তারা অভিযোগের সম্মুখীন হয়েছেন।
দরপত্রে উল্লেখ রয়েছে, শ্রমিকদের মাধ্যমে নদীর কচুরীপানার মূল গোড়া তুলে পরিষ্কার করতে হবে, যাতে নতুন করে কচুরীপানা বংশ বিস্তার করতে না পারে। কিন্তু ঠিকাদার বশির উদ্দিন মেশিন দিয়ে কচুরীপানার উপরের অংশ কেটে পরিষ্কার করছেন। স্থানীয়দের অভিযোগ, এভাবে কচুরীপানা কাটার বিষয়ে নিষেধ করা হলেও ঠিকাদার তা মানছেন না। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান অভিযোগ পাওয়ার পর ঠিকাদার বশির উদ্দিনকে নোটিশ দিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দরপত্র অনুযায়ী নদীর কচুরীপানা পরিষ্কার না করলে এর দায়ভার ঠিকাদারের উপর বর্তাবে। পানি উন্নয়ন বোর্ড এ দায়ভার গ্রহণ করবে না। একই সঙ্গে কাজের বিল ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি মেশিন দিয়ে কচুরীপানার উপরের অংশ কেটে ফেলা হচ্ছে, কিন্তু গোড়ার অংশ রয়ে যাচ্ছে। কেটে ফেলা কচুরীপানা নদীতে পড়ে আছে। নদীর পাড়ে বসবাসকারী মোঃ শিবলী শরীফ ও নজরুল ইসলাম বলেছেন, ঠিকাদার মেশিন দিয়ে কচুরীপানা অপসারণ করছেন না, বরং নতুন করে কচুরীপানা বংশ বিস্তারের ব্যবস্থা করছেন। তারা আরও বলেন, ঠিকাদারের লোকজন মেশিন দিয়ে কচুরীপানার উপরের অংশ কেটে যাচ্ছেন, কিন্তু গোড়ার অংশ রয়ে যাচ্ছে। তারা জানান, কচুরীপানার কারণে পানি পঁচে পরিবেশ দূষিত হয়ে আছে, এবং এভাবে কাটা কচুরীপানা পঁচে পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করবে।
সুফিয়া বেগম বলেন, কচুরী উডাইতে দেখে মনে মনে বলেছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন, কিন্তু যে রকম কাজ হচ্ছে, তাতে বিপদ আরও বাড়বে।
ঠিকাদার বশির উদ্দিনের ম্যানেজার মোঃ জাহিদ হোসেন জানান, পানি নষ্ট হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা নদীতে নামতে চাচ্ছেন না। তাই মেশিন দিয়ে কেটে কচুরীপানা কিনারে তোলা হচ্ছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান বলেন, শ্রমিকদের মাধ্যমে নদী থেকে কচুরীপানার গোড়া মাটি থেকে তুলে আনতে হবে, যাতে নতুন করে কচুরীপানা বংশ বিস্তার করতে না পারে। তিনি জানান, ঠিকাদারকে ইতিমধ্যে কচুরীপানা পরিষ্কার করতে অনিয়মের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। দরপত্র অনুযায়ী নদী থেকে কচুরীপানা পরিষ্কার না করলে ঠিকাদারকে দায়ভার নিতে হবে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ঠিকাদারকে ঘণ কচুরীপানা পরিষ্কার করার জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তাকে কচুরীপানা পরিষ্কার করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন