প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালীগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরী (১৪) সাত দিন পর উদ্ধার হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি এবং ওই কিশোরীর গৃহশিক্ষক জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার হওয়া রাজকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং জাহিদ হাসান রাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজ কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দক্ষিণ পানজোড়া গ্রামের জামান রাজের পুত্র।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। স্থানীয় একটি বিদ্যালয়ে তার পড়াশোনা চলছিল। জাহিদ হাসান রাজ নিয়মিতভাবে তাদের বাড়িতে গিয়ে তাকে পড়াতেন। ঘটনার দিন সকালে বিদ্যালয়ের পোশাক পরে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী।
সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, জাহিদ হাসান রাজসহ কয়েকজন ওই কিশোরীকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে গেছেন। মেয়ের সন্ধান না পেয়ে ওই রাতেই কিশোরীর মা জাহিদ হাসান রাজসহ চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা রুজু করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, মামলা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন