প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপের উন্নত ভবিষ্যৎ, অর্থনৈতিক সচ্ছলতা এবং ঝলমলে জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি দিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের ফজলুল করিম ফরহাদ।
কিন্তু এক বছর প্রবাস জীবন কাটানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি তুলে ধরেছেন, ইউরোপের রঙিন স্বপ্নের আড়ালে কতটা কঠিন বাস্তবতা লুকিয়ে রয়েছে।
এক বছর আগে বিমানে চড়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করার সময় তার মনে হয়েছিল, জীবন নতুন করে শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা, বেশি আয়ের সুযোগ এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় ইউরোপকে স্বপ্নের রাজ্য মনে হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের চাকচিক্যময় জীবন, গাড়ি-বাড়ি ও আনন্দঘন মুহূর্তের ছবি দেখে তার বিশ্বাস জন্মেছিল যে, ইতালি পৌঁছালে জীবনের চিত্র বদলে যাবে। স্টুডেন্ট কিংবা স্পন্সর ভিসায় এসে ভালো চাকরি, স্থায়ী বসবাসের অনুমতি (পিআর) এবং একসময় পাসপোর্ট পাওয়ার স্বপ্নও দেখেছিলেন তিনি।
ইতালিতে আসার প্রথম মাস প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেটেছিল। চারপাশের সবুজ, স্বচ্ছ পানির লেক এবং বরফে ঢাকা পাহাড় তাকে মুগ্ধ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্নের জায়গা দখল করে নেয় কঠিন বাস্তবতা।
বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ১৪ বছর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে সম্মানজনক ও ভালো বেতনের চাকরি করার পর, ইতালিতে এসে তাকে রেস্টুরেন্টের কিচেন অ্যাসিস্ট্যান্ট, ডিশ ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ডের কাজের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে।
কোনো কাজকেই ছোট মনে না করলেও পেশাগত অবস্থানের এমন পরিবর্তন এবং একটি কাজ পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ।
প্রতিদিন চীনা, মরক্কান, রোমানানসহ বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে কাজের প্রতিযোগিতায় নামতে হয় তাকে। ফলে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত কাজ পাওয়া যে কতটা কঠিন, তা তিনি নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করেছেন।
ফরহাদের ভাষায়, প্রবাস জীবনের সংগ্রামে একসময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও ম্লান হয়ে যায়। কাজের চাপে শুক্রবার জুমার নামাজ আদায় করতে না পারার কষ্ট তাকে ভেতর থেকে পোড়ায়। সমুদ্রসৈকতে সুন্দর সূর্যাস্ত দেখার সময়ও মাথায় ঘুরতে থাকে বাসাভাড়া ও খাবারের খরচের হিসাব। দেশের মতো খাবারের স্বাদ না পাওয়া এবং দেশি খাবার কিনতে বাড়তি টাকা খরচ করার বিষয়টিও হয়ে ওঠে নিত্যদিনের বাস্তবতা।
তবে সবকিছুর চেয়ে বড় কষ্ট হচ্ছে পরিবার থেকে দূরে থাকা। প্রতিদিন মা, স্ত্রী ও সন্তানদের কথা মনে পড়ে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় হাজার হাজার কিলোমিটার দূরে এসে নিজেকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, পাশাপাশি পরিবারকেও দীর্ঘ অপেক্ষা ও বিচ্ছেদের কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। এই বাস্তবতা তাকে গভীরভাবে ভাবায়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ফরহাদ স্পষ্ট করেছেন, ইতালি, ফ্রান্স, স্পেন কিংবা জার্মানির মতো দেশগুলো খারাপ নয়। এসব দেশে অনেকেই সফল হয়েছেন এবং সুন্দর জীবন গড়েছেন। কিন্তু সবার প্রবাসজীবনের গল্প এক নয়। কারও কাছে বিদেশের জীবন স্বপ্নপূরণের নাম, আবার কারও কাছে তা প্রতিদিনের বেঁচে থাকার এক অন্তহীন সংগ্রাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাজানো-গোছানো জীবন দেখে কিংবা বিদেশের চাকচিক্যময় প্রচারণায় আকৃষ্ট হয়ে প্রবাসে আসার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে তিনি মনে করেন। বরং নিজের আর্থিক অবস্থা, পেশাগত যোগ্যতা, কাজের সুযোগ এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ঝলমলে পর্দায় প্রবাস জীবনের আনন্দ ও সাফল্যের গল্প যতটা দেখা যায়, এর পেছনের দীর্ঘ সংগ্রাম, হতাশা, একাকিত্ব ও ত্যাগের গল্প ততটা সামনে আসে না। আর সেই আড়ালে থাকা বাস্তবতাই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা নতুনদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবিয়ে তুলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন