প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রশ্ন তুলেছেন। এই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন। তিনি আরও বলেন যে অর্থমন্ত্রী উপস্থিত থাকায় সংসদ সদস্যদের শুকুর করতে হবে। পরে মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করেন চিফ হুইপ নুরুল ইসলাম। এদিকে বিরোধীদলীয় নেতা এবং উপনেতা সংসদে উপস্থিত না থাকায় সরকার দলের একজন এমপি বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।
সোমবার স্পিকারের সভাপতিত্বে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, তিনি লক্ষ্য করেছেন যে বাজেট অধিবেশনে অধিকাংশ সময় নিজেদের অধিকাংশ মন্ত্রীরা উপস্থিত থাকেন না। তিনি বলেন, "এটা তো আমরা আসলে এত নোট করে নিয়ে আসি। আমাদের সরকারি দল, বিভিন্ন দল, সকলেই বক্তব্য দেন।"
তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নেই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।"
জবাবে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শুকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন একটি গুরুত্বপূর্ণ সেশন। তারা থাকলে আমরা বাধিত হব।"
এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, "অনেকে রাষ্ট্রীয় কাজের কারণে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত।" তিনি জানান, "বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে সংসদে তাদের আসা উচিত। বাস্তবে, অর্থমন্ত্রী সর্বদা এখানে উপস্থিত আছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয়, সকল কথা শেষে অর্থমন্ত্রীই বলবেন। স্বাস্থ্য খাত, বিদ্যুৎ খাত, পুলিশের কথা, আইনের কথাও অর্থমন্ত্রী বলবেন। সার্বিকভাবে অর্থমন্ত্রী থাকার কারণে আলোচনা সুচারুভাবে সম্পন্ন হয়।"
চিফ হুইপ আরও বলেন, "আমাদের মহাসচিব এবং এলজিআরডি মহোদয় সবসময় উপস্থিত থাকেন। অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যারা, যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না তারা যেন উপস্থিত হন এবং সংসদে উপভোগ করেন। কেবল বিরোধী দল নয়, সরকারি দলের সদস্যদেরও উচিত, যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যার সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।"
এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, "বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নেই, ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। তাদেরও ঠিকমতো থাকতে হবে।"
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, "বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, কিন্তু মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই উপস্থিত থাকা বাঞ্ছনীয়।"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া রয়েছেন। প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে মালয়েশিয়া রয়েছেন।
এদিকে সংসদের বৈঠক বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সোমবার তা মিনিট পাঁচেক পরে শুরু হয়। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন না। সোয়া ৩টার দিকে দেখা যায় সরকারি দলের প্রথম সারিতে স্থানীয় সরকার মন্ত্রীসহ ৪ জন সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। এ সময়ে প্রথম তিন সারিতে চিফ হুইপ, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ ৬৪টি আসনের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। তিনটার কিছু পরে সংসদের বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী। এ সময় বিরোধী দলের প্রথম সারিতে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং উপনেতা ডা. আবদুল্লাহ মো. তাহের অনুপস্থিত ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সংসদের বৈঠকের শুরুর দিকে সরকারি দলের তুলনায় বিরোধী দলের সদস্যদের উপস্থিতি কিছুটা বেশি ছিল, তবে সরকারি দলের সংরক্ষিত আসনের মহিলা এমপিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন