প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ৩৮ বছর ধরে যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর হাতে জ্ঞানের আলো তুলে দিয়েছেন, সেই প্রিয় বিদ্যালয় থেকেই এবার বিদায় নিতে হলো তাকে। তবে, এ বিদায় ছিল অন্য আট-দশটি বিদায়ের মতো নয়। এটি ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও আবেগে ভরা একটি স্মরণীয় আয়োজন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে সহকর্মী ও শিক্ষার্থীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও নানা উপহার দিয়ে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয় সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে।
চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন অবসরজনিত বিদায় গ্রহণ করেছেন। তিনি ১৯৮৮ সালের ১ নভেম্বর বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং গীতা পাঠ করেন প্রিয়া রানী সরকার। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম মানপত্র পাঠ করেন।
বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম সরকার।
এ সময় বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন, জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী, বিদ্যালয়ের অফিস সহকারী মো. শাহপরান, প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শামীম ও জাহিদুল হাসানসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, একজন আদর্শ শিক্ষক শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর মানুষ হওয়ার শিক্ষা দেন। এ জেড এম জামাল উদ্দিন তার দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অবদান বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তার হাতে ফুল, উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন জামাল উদ্দিন। তার চোখেমুখে ফুটে ওঠে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, ভালোবাসা ও প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা।
তবে বিদায় অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীরা তাকে একটি গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানান। চাঁদপুরের কচুয়া থেকে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের নিজ বাড়িতে তাকে পৌঁছে দেন তারা। শিক্ষকের প্রতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন ভালোবাসা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
৩৮ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তার রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও স্মৃতির কোনো অবসর নেই। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হয়তো আর নিয়মিত দেখা যাবে না প্রিয় শিক্ষক জামাল উদ্দিনকে, কিন্তু তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকবেন।
এভাবেই একজন শিক্ষকের বিদায় হয়ে উঠল ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য উপাখ্যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন