প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিকভাবে সামাল দেওয়া হচ্ছে।
শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন। সাংবাদিকদের সঙ্গে আলবানিজ বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশই চীনে যায়। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন।
তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের বিষয়। এই কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। পাশাপাশি জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে অস্ট্রেলিয়া।
আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে সি চিনপিং বলেছেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’
বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন আলবানিজ।
এছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত আকরিক লোহা কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন করেছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব বিস্তার এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।
২০২০ সালে রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পরবর্তী সময়ে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান এবং দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার জন্য আলবানিজের দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন