প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করার পরও প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনা বসে নেই; তিনি এখনো দেশের মধ্যে অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালানোর কাজে লিপ্ত আছেন ক্ষমতার মোহে।
রুহুল কবির রিজভী সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। এই সমাবেশের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), যা ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন দেখা যায়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকার সময় তিনি যে নীতি প্রয়োগ করেছেন, তা এখনও অব্যাহত রেখেছেন।
বিএনপির এই শীর্ষ নেতা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরেন এবং দাবি করেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিদেশে পাচার করা কোটি কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব সহিংসতা চালানো হচ্ছে।
সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সম্পূর্ণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না—এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল তফাৎ।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও সম্প্রতি ভারত সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে পালিয়ে যাওয়া নেতাদের বৈঠক কীভাবে হয়? তিনি বলেন, সে দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্তারা পলাতকদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এটি একটি গভীর চক্রান্তের ইঙ্গিত।
সমাবেশে তিনি আরও সতর্ক করে দেন যে, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর হবে না। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন