প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দুইদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। ১৪ জুন ও ১৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়ায় আগমনকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
১৪ জুন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ জুন সকালে ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিএমখালীর পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর বেলা ১১টায় তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পার্ক পরিদর্শন করবেন। পরবর্তীতে পেকুয়ায় শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে পেকুয়ায় সাঈদ মঞ্জিলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার যাবেন, যেখানে সন্ধ্যায় কক্সবাজার জেলায় কর্মরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সফরসঙ্গীসহ কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দুই দিনের কক্সবাজার সফর সরাসরি তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চারদিনের সফরে আগামী ১২ জুন কক্সবাজার যাচ্ছেন।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া আসবেন- এই খবরে পুরো চকরিয়ার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি দেখতে এবং তাঁর মূল্যবান বক্তব্য শুনতে চকরিয়াবাসী অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, লাখো জনতার সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা দিতে পারেন, পাশাপাশি কক্সবাজারবাসীর প্রত্যাশার পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার উপরও তিনি গুরুত্বারোপ করবেন।
চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী কালবেলাকে জানিয়েছেন যে, জনসভায় বৃহত্তর চকরিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটতে পারে, এই আশাবাদ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার ও শনিবার (৫ ও ৬ জুন) চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা বিএনপি পৃথক প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। এই সভায় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন