প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে লক্ষ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দেওয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতাউস সামাদ চৈতন্যপুর গ্রামের আ. রউফের সন্তান।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
স্ট্যাটাসে আতাউস সামাদ উল্লেখ করেন, দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।
তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও দাবি করেন আতাউস সামাদ।
তবে ফেসবুক স্ট্যাটাসে নিজের নামে করা ওই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, দেলোয়ার হোসেন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন