প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত এপ্রিল মাসে জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদ একটি মসজিদ উদ্বোধন করেন। তবে জাপানের স্থানীয় প্রশাসন দাবি করেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটি জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে এলাকায় অবস্থিত।
জাপানি প্রশাসনের পক্ষ থেকে আপত্তি জানানো হলে, টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই মসজিদ প্রকল্প থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়।
জাপানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য আসাহি শিম্বুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাওয়াগোয়ে শহরের প্রায় ৪ হাজার ৫০০ বর্গমিটার পাহাড়ি বনভূমির ওপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় আইন অনুযায়ী, এই অঞ্চলটি মূলত একটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এলাকা, যেখানে সরকারের বিশেষ অনুমতি ছাড়া যেকোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী ভবন নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কাওয়াগোয়ে সিটি কর্পোরেশন এক দাপ্তরিক বিবৃতিতে জানিয়েছে, নগর পরিকল্পনা আইনের তোয়াক্কা না করে এবং নগর প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বৈধ ছাড়পত্র বা অনুমতি ছাড়াই এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদ, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পাকিস্তান দূতাবাস গত ৩১ মে একটি বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকেরা রাষ্ট্রদূতকে মিথ্যা তথ্য দিয়ে আশ্বস্ত করেছিলেন যে, জাপানি আইন মেনে সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত সেই তথ্যের ভিত্তিতে সেখানে গিয়েছিলেন বলেও দূতাবাস স্পষ্ট করেছে। তারা অভিযোগ করেছেন, স্থানীয় আইন অমান্য করে গড়ে ওঠা এই প্রকল্পের সাথে পাকিস্তান সরকারের কোনো আর্থিক বা সাংগঠনিক সংযোগ নেই।
এদিকে, জাপানের প্রাচীনতম ‘ইয়াশিও মসজিদ’ কমিটির প্রতিনিধি শাকিল শেখ মোহাম্মদ এই প্রকল্পের তীব্র সমালোচনা করে বলেছেন, স্থানীয় প্রশাসনের কোনো বৈধ অনুমতি ছাড়া এভাবে ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা মোটেও সঠিক কাজ নয়। তিনি উল্লেখ করেছেন, স্থানীয় জাপানি অধিবাসীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং দেশের আইন মেনে চলার মাধ্যমেই একটি মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা করা সম্ভব।
এই বিতর্কের জেরে, টোকিওর পাকিস্তান দূতাবাস গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জরুরি বিজ্ঞপ্তি জারি করে জাপানে বসবাসরত সকল পাকিস্তানি নাগরিককে ধর্মীয় স্থান নির্মাণের ক্ষেত্রে জাপানি আইন ও স্থানীয় সরকারের পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন