প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরওয়ে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে, যা প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমাতে এবং দেশের পশ্চিম উপকূল বরাবর ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সহায়ক হবে। এই টানেলটির নাম 'রগফাস্ট', যার দৈর্ঘ্য ২৭ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে অবস্থিত হবে।
টানেলটির নামকরণ করা হয়েছে নরওয়েজীয় শব্দ 'রগাল্যান্ড' (অঞ্চলের নাম) ও 'ফাস্টফরবিন্ডেলসে' (স্থায়ী সংযোগ) মিলিয়ে। প্রকল্পটির ব্যয় প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার হবে এবং এটি ২০৩৩ সালের মধ্যে সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালে নির্মাণের কাজ শুরু হলেও, ব্যয় বৃদ্ধির কারণে ২০১৯ সালে এটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নতুন পরিকল্পনার অধীনে ২০২১ সালের শেষ দিকে আবার নির্মাণকাজ পুনরায় শুরু হয়।
এই টানেলটি শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য উপযোগী হবে এবং এতে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে, প্রতিটির মধ্যে দুটি করে লেন থাকবে। এর বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে একটি 'ডাবল রাউন্ডঅ্যাবাউট' বা জোড়া গোলচত্বর থাকবে, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।
দুটি প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চলমান এই টানেলটির ঠিক মাঝখানে ৫ সেন্টিমিটার ত্রুটিসীমায় (মার্জিন অব এরর) মিলিত হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই নিখুঁত পরিমাপের জন্য বিশেষ লেজার স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি 'ডিজিটাল টুইন' তৈরি করছে। টানেলের ভেতরে বায়ু চলাচল স্বাভাবিক রাখতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান এবং নিরাপত্তার জন্য ক্যামেরা, রাডার ও তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা থাকবে। তবে, সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানো প্রকৌশলীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নরওয়ের ১,১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কারের একটি বড় অংশ হচ্ছে রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ ২১ ঘণ্টা সময় লাগে। রগফাস্ট চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে। প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন জানিয়েছেন, এটি স্থানীয় অর্থনীতি, মৎস্যশিল্প এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাপানের 'সেইকান' (গভীরতা ২৪০ মিটার) এবং ইংল্যান্ড-ফ্রান্সের 'চ্যানেল টানেল' (গভীরতা ১১৫ মিটার) কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। তাই দীর্ঘতম ও গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল হিসেবে রগফাস্ট গড়তে যাচ্ছে নতুন বিশ্বরেকর্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন