প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, এই অডিটের মাধ্যমে অব্যাহতির আশ্বাস দেওয়া বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারকদের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে এনবিআর।
শনিবারে এনবিআর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সম্প্রতি একটি প্রতারণামূলক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে।
এনবিআর আরও জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোন কর্মকর্তা বা কর্মচারী কখনোই ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে না। আইন অনুযায়ী, যেকোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে তা জানানো হয়।
এছাড়া, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবলমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার কোনো কর্মকর্তার নেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
কোনো ব্যক্তি যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতেও বলা হয়েছে।
করদাতাদের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানেই এনবিআর বদ্ধপরিকর। তাই করদাতাদের প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন