প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর থানা হেফাজত থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদ একটি মামলায় অভিযুক্ত হাসিনা বেগমকে গ্রেপ্তার করেন। পরে তাকে মাদারীপুর সদর থানায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, ওই রাতেই প্রায় ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে খোঁজখবর নেন। তবে বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটি জনসম্মুখে প্রকাশ না পায়, সে জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন। যদিও এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি। পরবর্তীতে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।
এদিকে, মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি। এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।”
থানা হেফাজত থেকে একজন আসামির পালিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্তের অগ্রগতির তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন