প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী জানুয়ারিতে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা না রেখে নতুন সেবাদাতা নিয়োগের জন্য ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে।
শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।
বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ রেলওয়েকে টিকিটিং সেবা দিয়ে আসছে সহজ-সিনেসিস ডটকম। তবে তাদের সেবা নিয়ে যাত্রীদের মধ্যে বারবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, টিকিট ছাড়ার নির্ধারিত সময়ে (বিশেষ করে সকাল ৮টায়) ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এ কারণে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সব আসন ‘বুকড’ বা শেষ হয়ে যায়; যা সাধারণ যাত্রীদের মধ্যে কালোবাজারি ও সিন্ডিকেটের সন্দেহ তৈরি করছে। মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ সম্পন্ন হওয়ার পরও অনেক সময় টিকিট ইস্যু হয় না। আবার অসফল লেনদেনের টাকা ফেরত (রিফান্ড) পেতে যাত্রীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। যেকোনো সমস্যায় হেল্পলাইন বা ইমেইলে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় না।
এমন পরিস্থিতিতে সহজ ডটকমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়ে আফজাল হোসেন বলেন, ‘নতুন সেবাদাতা নিয়োগের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। উন্মুক্ত এই দরপত্রে যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন; প্রতিযোগিতার মাধ্যমে যে সর্বনিম্ন দরদাতা হবে এবং যার কোম্পানির সক্ষমতা দেখা হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।’
কর্মশালার বিকেলের অধিবেশনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
রেলওয়ের লোকবল, ইঞ্জিন ও কোচ সংকট এবং লোকসান কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়ে রেলসচিব জানান, মিটারগেজে তীব্র লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট বিদ্যমান। তবে ২০২৯ সালের মধ্যে মিটারগেজে ৮০টি নতুন লোকোমোটিভ যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টির দরপত্র প্রক্রিয়া চলমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টির প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং বিশ্বব্যাংকের ‘গ্রিন রেলওয়ে’ প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও পণ্যবাহী (ফ্রেইট) ট্রেনের জন্য আরও ২০টি লোকোমোটিভ সংগ্রহের সম্ভাব্যতা যাচাই চলছে। ক্রয়াদেশ দেওয়ার পর সরবরাহ পেতে আড়াই বছর সময় লাগে বিধায় ২০২৯ সালের মধ্যে এগুলো পাওয়া যাবে।
রেলওয়ের অপারেটিং রেশিও বর্তমানে ১ দশমিক ৯১ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে কোনো রেলওয়েই কেবল যাত্রী পরিবহন করে লাভবান হতে পারে না। বর্তমানে দেশে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেল দ্বারা বহন করা হয় এবং ৮৬-৮৭ শতাংশ সড়কপথে যায়। রেলের পণ্য পরিবহন সক্ষমতা ২০ শতাংশে উন্নীত করা গেলে এক টাকা খরচ করে এক টাকা আয় অর্থাৎ ‘ব্রেক ইভেন’ বা লাভ-লোকসান সমান পর্যায়ে আনা সম্ভব হবে।
রেলসচিব আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারতের রাইটস লিমিটেড থেকে পাওয়া ১৮টি নতুন কোচের প্রথম লটের ১২টি দিয়ে সম্প্রতি ঢাকা-পাবনা নতুন ট্রেন চালু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ঢাকা-খুলনা রুটে আরেকটি ট্রেন চালুর আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ব্রডগেজে ইঞ্জিনের সংকট না থাকলেও মিটারগেজে (যেমন সিলেট রুটে) নতুন ট্রেন দিতে গেলে সংকটে পড়তে হয়। এ ছাড়া ডাইনিং কার, পাওয়ার কার ও ইন্সপেকশন কারসহ আরও ২০০টি ব্রডগেজ কোচ এবং সব মিলিয়ে অদূর ভবিষ্যতে ৪০০-এর বেশি মিটারগেজ ও ব্রডগেজ কোচ পাইপলাইনে রয়েছে। এগুলো এলে পঞ্চগড়ের মতো দীর্ঘ রুটের পুরোনো কোচ বদলে সেগুলো মেরামত করে স্থানীয় কমিউটার ট্রেনে ব্যবহার করা হবে।
সারা দেশে ৬০ থেকে ৭০টি বন্ধ ট্রেন এবং লুপ লাইন নষ্ট হয়ে বন্ধ থাকা স্টেশন চালুর বিষয়ে সচিব জানান, লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ থাকায় আন্তঃনগর ট্রেনের এসি কোচেও দাঁড়িয়ে যাত্রী যাওয়ার অভিযোগ উঠছে। বন্ধ ট্রেনগুলোর অধিকাংশ মিটারগেজ (যেমন পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট সেকশন), যা ইঞ্জিন ও কোচ সংকটের কারণে চালু করা যাচ্ছে না। তবে পর্যায়ক্রমে বন্ধ স্টেশন ও লুপ লাইন মেরামত করা হচ্ছে।
রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও কোচ তৈরির সক্ষমতা বাড়ানোর বিষয়ে ফাহিমুল ইসলাম জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে এডিবির অর্থায়নে সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ এবং পার্বতীপুর লোকোমোটিভ কারখানায় সংযোজন (অ্যাসেম্বলিং) সুবিধাসহ আধুনিকায়নের যাচাইও শেষ পর্যায়ে।
তিনি জানান, সম্প্রতি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শিগগিরই ঋণ চুক্তি সই হবে। এই অর্থায়নে পার্বতীপুর ও সৈয়দপুর কারখানার আধুনিকায়ন হবে। পাশাপাশি সৈয়দপুরে গ্রিনফিল্ড বিনিয়োগেরও চেষ্টা চলছে। ভবিষ্যতে বাড়তি কোচ ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণের জন্য রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর একটি ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, যেখানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।
ঈশ্বরদীর সাঁড়াঘাট, বাবুরাবাদ ঘাট ও খোলাগঞ্জসহ বিভিন্ন ঘাট এলাকায় রেলের অনেক জমি বেদখল হয়ে আছে, যা রেলের নথিতেও ছিল না।
রেলপথমন্ত্রী/সচিব জানান, রেলের কোথায় কী পরিমাণ জমি আছে, তার সঠিক হিসাব রাখতে ‘রেলওয়ে এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ (রেমস) চালু করা হয়েছে। লালমনিরহাটে পরীক্ষামূলকভাবে শুরুর পর এখন সারা দেশে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘ভুয়া নামজারি (মিউটেশন) এবং অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় ও রেলের নিজস্ব অবহেলায় অনেক জমি বেদখল হয়েছে। তবে বর্তমানে প্রতিটি বিভাগে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও অঞ্চলে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তাদের (সিইও) মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে জমি উদ্ধার করা হচ্ছে।’
লোকাল ও মেইল ট্রেন পরিচালনায় বেসরকারি অপারেটরদের সম্পৃক্ত করার বিষয়ে জানানো হয়, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আগে কিছু ট্রেন চালু হয়েছে। নতুন কিছু ট্রেনের দরপত্র করা হয়েছে এবং আরও কিছু ট্রেনের দরপত্র প্রক্রিয়াধীন। নিজস্ব লোকবলের সীমাবদ্ধতায় অনেক ট্রেনে টিকিট পরীক্ষা করা যায় না এবং টিটিই ও টিসিদের সংকট ও বিনা টিকিটের যাত্রী রোধে সীমাবদ্ধতা রয়েছে। সরকারিভাবে ট্রেন চালানোর চেয়ে বেসরকারি অপারেটরদের দিলে আয় বেশি হয়, কারণ তারা অগ্রিম টাকা দেয় এবং পরে টিকিট বিক্রি করে লভ্যাংশ তুলে নেয়। এতে রেলের আয় বাড়ে বলেই সরকার এসব ট্রেনে বেসরকারি ব্যবস্থাপনাকে উৎসাহিত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন