প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু নির্মাণের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন লাভ করেছে। সেতু দুটি নির্মাণ করা হবে গোস্তা খেয়াঘাট ও পুটাইল খেয়াঘাট এলাকায়। দীর্ঘদিন ধরে এই প্রকল্পটির জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দারা, এবং অনুমোদনের খবরে তাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর দেওয়া সুখবরটি নদীর দুই পাড়ের মানুষের মধ্যে নতুন আশার আলো ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঙ্গা নদীর ওপর সেতু না থাকার কারণে দীর্ঘদিন ধরে গোস্তা ও পুটাইল খেয়াঘাট দিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে আশপাশের এলাকার মানুষদের। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে যাতায়াতের জন্য খেয়া নৌকার উপর নির্ভর করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও খারাপ আবহাওয়ার কারণে পারাপারের দুর্ভোগ আরও বেড়ে যায়।
নদী পারাপারে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। অনেক সময় খেয়া পারাপারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, যা দৈনন্দিন জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে।
এ অবস্থায় গোস্তা ও পুটাইল খেয়াঘাট এলাকায় দুটি সেতু নির্মাণের উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সেতু দুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি একনেক সভায় সেতু নির্মাণের বিষয়টি অনুমোদন হয়েছে বলে জানতে পেরেছি। এ-সংক্রান্ত সরকারি চিঠি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় থাকা এলাকাবাসীর প্রত্যাশা, প্রকল্পটির প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সেতু দুটির নির্মাণকাজ শুরু করা হবে। এতে কালিগঙ্গা নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন