প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের চকরিয়ায় একটি মার্কেটের ১৪টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এছাড়া, আরও কিছু দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের ফলে দোকানগুলোতে থাকা নগদ টাকা, ওষুধ, ব্যবসায়িক মালামাল এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের প্রায় এক কোটি টাকার সম্পদ এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে কাকারা ইউনিয়নের মাঝারফাঁড়ি বাজারের রেজা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রেজা মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম (ইজিবাইক) চার্জে দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদি দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার দোকান, আনছারের কাপড়ের দোকান, চারটি সেলুন, দুটি ইলেকট্রনিকসের দোকান, ডেকোরেটার্স এবং একটি লন্ড্রি দোকান পুড়ে গেছে। এছাড়া, আশপাশের আরও কিছু দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী জিয়াবুল হক বলেন, "আমার ফার্মেসিতে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ওষুধ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ব্যবসা-ই ছিল আমার জীবিকার প্রধান অবলম্বন। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, তা কখনো কল্পনাও করিনি।"
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামালের পাশাপাশি নগদ টাকাও আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে। দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া এসব ব্যবসায়ী এখন ঘুরে দাঁড়ানোর চিন্তায় দিশেহারা।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, "ভোরে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন