প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। জনজীবনে নানা সমস্যা ও অনিশ্চয়তা বিরাজমান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকার সংগ্রাম এখন কঠিন থেকে আরও কঠিনতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের কষ্টকে আরো বাড়িয়ে দেবে। বিভিন্ন ধরনের কর্মসূচির নামে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের জন্য এবং জনগণের জন্য ক্ষতিকর হবে; কিন্তু পরাজিত শক্তি যেন সেটাই করতে চাইছে। বাংলাদেশে আবারও জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতির সূচনা হয়েছে।
অযৌক্তিক দাবি আদায়ের জন্য জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি শক্তি জনগণকে জিম্মি করে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। তবে ইতিহাস বলছে, জনগণকে জিম্মি করে, জনগণের সম্পদ বিনষ্ট করে কোনোদিন দাবি আদায় করা সম্ভব নয়। দাবি আদায়ের একমাত্র উপায় হলো জনগণের কাছে গিয়ে তাদের কথা বলা। জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা।
কিন্তু সেই পথে না গিয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে একটি মহল। এতে জনগণের ভোগান্তি বাড়বে এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে। এক মাস ধরে রাজনীতির নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে।
গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার, নাটোরসহ ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
থানা, রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়া হয়েছে। বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে বিষয়টি জানাজানি হয়েছে। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ৪১ সেকেন্ডের অন্য ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
আগামী দিনে আরো সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঢাকাকে ঘিরে আগুন সন্ত্রাসের ছক কষা হয়েছে বলে জানা গেছে। সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কী উদ্দেশ্যে এত স্থানে একযোগে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অজানা আতঙ্কে আজ দেশ। সবার মুখে একটাই কথা, কী ঘটতে যাচ্ছে? আর কী কী ঘটবে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করছে? সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক বিরোধের জেরে আর কত প্রাণ যাবে? রাস্তায় বের হওয়া, কর্মস্থলে যাওয়া কিংবা রাতে বাড়ি ফেরার নিশ্চয়তাও কি থাকবে না? পরিস্থিতি কি শুধু রাজনৈতিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর বিস্তার ঘটবে অর্থনীতি ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে?
সহিংসতার উদ্দেশ্য কি শুধু দাবি আদায়ের জন্য শক্তি প্রদর্শন, নাকি এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের নিয়ন্ত্রণক্ষমতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা? পরিবহন ও শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করাও কি বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ? রাজনৈতিক বিভক্তির সুযোগ নিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে?
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, চলমান সহিংস ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে সহিংসতার বিস্তার ও ধরন। দেশের অন্তত ২৮টি জেলায় আগুন সন্ত্রাস, চোরাগোপ্তা হামলা এবং বিভিন্ন স্থাপনায় হামলা আর প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, নাকি একটি অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনার অংশ হিসেবে সংঘটিত হয়েছে, তা তদন্তের দাবি রাখে।
যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য। যদি তারা দেশকেই ভালোবাসতে না পারে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না। এমন ঘটনা প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলে, দেশের ক্ষতি করেছে, তাদের কর্মকাণ্ড দেশপ্রেমহীনতার নামান্তর।
ক্ষমতা মানুষের সম্মিলিত সম্মতি থেকে জন্মায়; সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। যে দল মানুষকে বোঝাতে পারে না, সে পোড়াতে শুরু করে। আমরা এমন এক রাজনীতিতে আটকে গেছি, যার ব্যাকরণ যুক্তি নয়, আগুন। এই ভাষায় প্রতিপক্ষকে পরাজিত করা হয় না, বরং নিশ্চিহ্ন করার চেষ্টা হয়। আর প্রতিটি আগুন বস্তুত পরের আগুনের যুক্তি তৈরি করে দেয়।
নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’-এ লিখেছিলেন, যে মানুষ অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণার কারাগারে বন্দি; নিপীড়িত আর নিপীড়ক দুজনেই মনুষ্যত্ব হারায়। ২৭ বছর জেল খাটার পর তিনি জানতেন, প্রতিশোধের রাজনীতি দিয়ে কোনো জাতি মুক্ত হয় না।
জনগণ রাষ্ট্রের কাছে সহিংসতা দমন ও প্রতিকার আশা করে, দলের লোকজনের পাল্টা সহিংসতা নয়। সরকারকে এ ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজ কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।
রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কঠোর অবস্থান নিয়েছে। একদিকে তিনি যেমন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, অন্যদিকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।
গতকাল সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।
কিন্তু যারা নাশকতা করছে, নিজেদের স্বার্থে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদেরও বুঝতে হবে, জনগণকে ভয় দেখিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না। এসব কর্মকাণ্ড তাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে। তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এ ধরনের নৈরাজ্য দেশকে ধ্বংসের পথে ঠেলে দেবে। তাই এমন আন্দোলন করা উচিত নয়, যা দেশের মানুষের জন্য ক্ষতিকর, যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ সবার আগে দেশ। দেশের স্বার্থে দাবি আদায়ের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করুন। আন্দোলনের নামে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন