প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে করা মামলায় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) ও তার ব্যক্তিগত সহকারী নিছার উদ্দীন আকাশের (৩৬) তিন দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গাবতলী ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় তলায় অনধিকার প্রবেশ করেন।
রাষ্ট্রপতি কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন উপেক্ষা করে আসামিরা সরকার কর্তৃক নিয়োগকৃত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে প্রবেশে বাধা দেন এবং তাণ্ডব চালান।
অভিযোগে আরো বলা হয়, আসামিরা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেন। এ সময় আলমারিতে রক্ষিত ১৫ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, হিসাব শাখার কাগজপত্র ও রেজিস্ট্রারের ট্র্যাজারার দপ্তরের স্পর্শকাতর নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
এই ঘটনায় মো. রাফিউল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন। মামলা করার পর বুধবার ভোররাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে প্রধান আসামি ড. মকবুল আহমেদ খানকে এবং গাবতলী এলাকা থেকে নিছার উদ্দীন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, চুরি হওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
এ বিষয়ে উল্লেখ্য, গ্রেপ্তার ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় আরো দুটি মামলা চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন