প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে পূর্বনির্ধারিত সফর শেষে অস্ট্রেলিয়া ত্যাগ করেন।
সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তাঁরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে জামায়াত আমিরকে বিদায় জানান।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন। যদিও তাঁর অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল, তিনি সফরসংক্ষেপ করে সরাসরি দেশে ফিরছেন। গত ২০ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়া হয়ে তাঁর দেশে ফেরার কথা ছিল।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতা সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের সূচি অনুযায়ী, ২০ নভেম্বর সিডনি পৌঁছানোর পর ২১ নভেম্বর ডা. শফিকুর রহমান ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরদিন ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর ২৩ নভেম্বর রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন