প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকতের দুটি পৃথক স্থান থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে, এগুলো কি মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে টেকনাফের বাহারছড়া উপকূলে ঘটিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ কিনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এবং মনখালী সমুদ্রসৈকত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর কয়েক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। সৈকতে পাওয়া মরদেহ দুটির মধ্যে প্রায় ৫০০ মিটার দূরত্ব ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, তিনটি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। টেকনাফের বাহারছড়া এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও কোস্টগার্ডের সূত্রে জানা যায়, গত সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাটের কাছে সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা একটি ট্রলার ডুবে যায়। সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রলারে থাকা এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নারী নিখোঁজ রয়েছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে, উখিয়ার সৈকত থেকে উদ্ধার হওয়া তিন মরদেহ ওই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কিনা, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন