প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সরকারি কলেজে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ চালাতে শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। প্রায় ৪০ মিনিট সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ থাকার কারণে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান, যিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচিত, চরমোনাই পীরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট শেয়ার করেন। এই পোস্টে কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ইকবাল আমীন সম্রাট মন্তব্য করলে ক্যাম্পাসের মধ্যে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত সম্রাটকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে রাতে কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন ইসলামী আন্দোলনের সমর্থক শিক্ষার্থীরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা সুরক্ষিত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন