প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাকৃতিক সৌন্দর্য এবং সীমান্ত বাণিজ্য। এই দুটি সম্ভাবনার ভিত্তিতে সিলেটের জাফলং-তামাবিল অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা গড়ে উঠছে। একদিকে, জাফলংয়ে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে হোটেল, রেস্তোরাঁ, নৌযান এবং স্থানীয় পণ্যের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে তামাবিল স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি নিয়ে বড় ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলছে। পরিকল্পিত বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসা এবং সরকারি রাজস্ব বৃদ্ধি পেতে পারে।
মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত স্বচ্ছ পিয়াইন নদী এবং চারপাশের সবুজ প্রকৃতি প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করছে। বিশেষ করে শীত মৌসুম, ঈদ এবং সরকারি ছুটির সময় পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই পর্যটনকেন্দ্রে।
পর্যটকদের জন্য নৌযান, পরিবহন, খাবার হোটেল, দোকানপাট এবং আবাসন ব্যবসা গড়ে উঠেছে। সংগ্রামপুঞ্জির খাসিয়া পল্লী, স্থানীয় চা, পান-সুপারি এবং বাঁশ-বেতের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। কমিউনিটি ট্যুরিজম, ফুড কোর্ট, ট্যুর গাইড এবং নৌভ্রমণসেবা সম্প্রসারণের পাশাপাশি পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আধুনিক ইকো-রিসোর্ট এবং মানসম্মত হোটেল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
এ অঞ্চলের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো তামাবিল স্থলবন্দর। এটি ভারতের মেঘালয়সহ উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। পাথর, চুনাপাথর, কয়লা, মিথানলসহ বিভিন্ন পণ্য আমদানি নিয়ে প্রতিদিন বাণিজ্যিক কার্যক্রম চলছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন ভারত থেকে ৬০০ থেকে ৭০০টি ট্রাকে বিভিন্ন পণ্য দেশে প্রবেশ করছে। গত এক মাসে এই সংখ্যা প্রায় ১৪ হাজার ট্রাক ছিল। একই সময়ে বন্দরের মাশুল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
বন্দরকেন্দ্রিক আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিক এবং ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক গুদাম, পরিবহন এবং লজিস্টিকস অবকাঠামো গড়ে উঠলে বিনিয়োগ এবং সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পেতে পারে।
তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, মানসম্মত পর্যটনসেবা এবং পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে নদী-পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণ না করা হলে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটানো সম্ভব হলে জাফলং-তামাবিল অঞ্চল সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন